মাদারীপুরে মামলাজটে ভোগান্তি
মাদারীপুরে আদালতে মামলার জট থাকায় বিচারপ্রার্থীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
তারিখে তারিখে হাজিরা দিতে গিয়ে বিচারপ্রার্থীরা সময় ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বর্তমানে আদালতে ২ হাজার ৮৮৫টি মামলা বিচারাধীন রয়েছে।
মাদারীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার দেওয়ানি আদালতে ৬২৯টি মামলা, জেলা ও দায়রা জজ আদালতে ৮৩৫টি, নারী ও শিশু নির্যাতন দমন আদালতে ৪৮১টি এবং বিচারিক হাকিম আদালতে ৯৪০টি মামলা বিচারাধীন রয়েছে।
শিবচর উপজেলার বন্দরখোলা এলাকা থেকে আদালতে আসা ইব্রাহীম শিকদার বলেন, ‘মামলার হাজিরার দিন যাতায়াত ও খাবার বাবদ ১২০০ থেকে ১৫০০ টাকা খরচ হয়। এ ছাড়া উকিল-মহুরিসহ আরও প্রায় দুই হাজার টাকা খরচ লাগে। আট বছর ধরে মামলার জটিলতায় ভুগছি। এতে অনেক টাকা খরচ হচ্ছে।’
সদর উপজেলার দত্ত কেন্দুয়া গ্রাম থেকে আসা শমিরন মণ্ডল বলেন, ‘আমি ১২ বছর ধরে ঢাকায় থাকি। আমাদের একটি জমি নিয়ে বিরোধে জজ আদালতে মামলা বিচারাধীন রয়েছে। দুই বছর আগে বাবা মারা গেছেন। এখন মামলার তারিখে ঢাকা থেকে আমাকে এসে হাজিরা দিতে হয়। এতে অনেক সমস্যা হচ্ছে। দ্রুত আমরা এর একটি সমাধান চাই।’
এ ব্যাপারে জেলা জজ আদালতের পিপি ইমরান লতিফ বলেন, ‘মামলার জট কমাতে বিচারক নিয়োগদান ত্বরান্বিত করাসহ সব চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে একশ্রেণির মানুষের মধ্যে মামলা করার প্রবণতা থাকায় মামলার জট দিন দিন বেড়েই চলছে।’