মাদারীপুরে মার্কেট রক্ষার দাবিতে মানববন্ধন
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে ক্ষুদ্র ব্যবসায়ীরা মার্কেট রক্ষার দাবিতে গতকাল সোমবার সকালে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মার্কেট উচ্ছেদ না করার আহ্বান জানিয়েছেন।ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, টেকেরহাট বাসস্ট্যান্ডের পাশে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) পরিত্যক্ত খাল অগ্রণী ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি ইজারা নিয়ে শতাধিক দোকান নির্মাণ করে। দোকানগুলোয় ব্যবসায়ীরা দীর্ঘদিন ব্যবসা করে আসছেন। রোববার মাদারীপুর সওজ কার্যালয় থেকে মাইকিং করে দোকানগুলো সরিয়ে নিতে বলা হয়। অন্যথায় দোকানগুলো উচ্ছেদ করা হবে বলেও ঘোষণা দেওয়া হয়।এই ঘোষণার প্রতিবাদে গতকাল ক্ষুদ্র ব্যবসায়ীরা মানববন্ধন করেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন আবদুল জলিল, আবুল কালাম আজাদ, সেকান্দার আলী আকন, ইউনুস আলী, আবদুল হাই বেপারী, আবদুল হান্নান শেখ প্রমুখ।ক্ষুদ্র ব্যবসায়ী রতন সাহা বলেন, ‘আর মাত্র কয়েক দিন পরই দুর্গাপূজা। এই মুহূর্তে আমাদের দোকান উচ্ছেদ করা হলে আমাদের মতো অনেক হিন্দু পরিবার পূজার আনন্দ থেকে বঞ্চিত হবে। আমরা এই মার্কেট রক্ষার জন্য আন্দোলন করে যাব।’