মাদারীপুরে যাত্রীবাহী বাস ঝিলে দুজনের লাশ উদ্ধার
ফরিদপুর-বরিশাল মহাসড়কে মাদারীপুরের কালকিনি উপজেলার পান্তাপাড়া এলাকায় গতকাল বুধবার সকালে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ঝিলের পানিতে পড়ে যায়। এতে কমপক্ষে দুজনের মৃত্যু হয়েছে। উদ্ধার পাওয়া যাত্রীরা জানিয়েছেন, বাসটিতে ১৮ থেকে ২০ জন যাত্রী ছিলেন। মাদারীপুর দমকল বাহিনী এবং সওজের চেষ্টায় বিকেলে বাসটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তিরা হলেন: বাসের সুপারভাইজার সাজ্জাদ (৩০) ও যাত্রী ফারুক হোসেন (৩৫)। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে গতকাল রাত পর্যন্ত ডুবুরিদের তল্লাশি চলেছে। এ সময় যানচলাচল বন্ধ থাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।মাদারীপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সম্পাদক মফিজুর রহমান জানান, বাস কাউন্টারের কর্মীদের কাছ থেকে জানা গেছে, ১৭ জন যাত্রী নিয়ে বাসটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। চালকের সহকারী গাড়িটি চালাচ্ছিলেন। বাসটি সকাল সাড়ে আটটার দিকে পান্তাপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ঝিলে পড়ে তলিয়ে যায়। সাঁতরে পাড়ে উঠে আসা ছয় যাত্রীকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুর রহমান বলেন, রাতে উদ্ধারকাজ বন্ধ রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে আবার নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তল্লাশি শুরু হবে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা উদ্দিন বলেন, বাসটি পুকুর থেকে তোলা হয়েছে। এর ভেতরে কোনো লাশ নেই। মাদারীপুর দমকল বিভাগের কর্মকর্তা ইমরান হোসেন বলেন, রাস্তার পাশের ঝিল থেকে সওজের ক্রেনের মাধ্যমে বাসটি তোলা হয়েছে। ঝিলটির গভীরতা ৪০ থেকে ৪৫ ফুট। সেখানে আরও লাশ থাকতে পারে। গাড়ির চালকের সহকারীর খোঁজ পাওয়া যায়নি।