মাদারীপুরে লেগুনার ধাক্কায় সাইকেল আরোহী যুবক নিহত

মাদারীপুরের শিবচর উপজেলায় যাত্রীবাহী লেগুনার ধাক্কায় বাইসাইকেলের আরোহী এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার শিবচর-পাঁচ্চর সড়কে এই ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম কামরান খান (২৭)। তিনি শিবচর পৌর এলাকার খানকান্দি গ্রামের আলতাফ হোসেন খানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কামরান সকালে বাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে শিবচর যাওয়ার পথে দাদা ভাই উপশহর এলাকায় একটি লেগুনা তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এই ঘটনার পর বেলা আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত প্রায় এক ঘণ্টা শিবচর-পাঁচ্চর সড়কে গাছ ফেলে অবরোধ করেন স্থানীয় বিক্ষুব্ধ মানুষ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, লেগুনার চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাঁকে আটকের চেষ্টা করছে পুলিশ।