মাদারীপুর শহরে গত সোমবার রাত আটটার দিকে বেলায়েত চৌকিদার নামে এক স্কুলশিক্ষকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে তাঁর পরিবারের অভিযোগ, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার অপপ্রচার চালানো হচ্ছে। বেলায়েত (৪০) মাদারীপুর পাবলিক ইনস্টিটিউশনের বিজ্ঞান বিভাগের শিক্ষক ও সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের হাশেম চৌকিদারের ছেলে।মাদারীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘বেলায়েতের সঙ্গে তাঁর স্ত্রী মুক্তা বেগমের কলহ হয়। তবে আমরা এই মুহূর্তে বেশি কিছু বলতে পারছি না। প্রাথমিকভাবে ধারণা করছি, কীটনাশক পানে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা পরিষ্কার হয়ে যাবে।’বেলায়েতের ভাই মোফাজ্জেল চৌকিদার ও বোন আকলিমা বেগম সাংবাদিকদের বলেন, রোববার তাঁর ভাবি মুক্তা বেগমের সঙ্গে ভাই বেলায়েতের ঝগড়া হয়। তাঁরা দাবি করেন, তাঁদের ভাইকে তাঁর স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করে এখন আত্মহত্যার অপপ্রচার চালাচ্ছেন। এ ঘটনায় মাদারীপুর সদর থানায় হত্যা মামলা করা হবে।এ ব্যাপারে মুক্তা বেগমের সঙ্গে যোগাযোগ করলে তিনি পরিকল্পিত হত্যার কথা অস্বীকার করে বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা এবং একটি অপপ্রচার।’লাশ উদ্ধারমাদারীপুরের রাজৈর উপজেলার দাশের ভিটায় গত মঙ্গলবার বেলা ১১টার দিকে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে রাজৈর থানার পুলিশ। পরিবারের দাবি, তাঁকে হত্যা করা হয়েছে। রাজৈর থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর থেকেই উপজেলার নড়ালকান্দি গ্রামের আছর উদ্দিন বেপারীর ছেলে ইকবার বেপারী (১৮) নিখোঁজ ছিলেন। মঙ্গলবার সকালে দাশের ভিটায় স্থানীয় লোকজন তাঁর লাশ দেখতে পান। পরে রাজৈর থানার পুলিশ গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকবাল বেপারীর লাশ উদ্ধার করে মাদারীপুর মর্গে পাঠায়। এ ব্যাপারে ওই তরুণের বাবা রাজৈর থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।