মাদারীপুরে শিশু হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ বছরের পাপ্পু খলিফাকে অপহরণের পর শ্বাসরোধে হত্যার প্রতিবাদে গতকাল সোমবার সকালে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। পরে হত্যাকারীদের বিচার দাবিতে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে পাপ্পুর পরিবারের লোকজন, আত্মীয়স্বজনসহ এলাকার কয়েক শ মানুষ অংশ নেয়। এ সময় তারা হত্যার অভিযোগে অভিযুক্ত শাকিল খলিফার ফাঁসির দাবিতে স্লোগান দেয়।মাদারীপুর সদর থানার পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ ডিসেম্বর রাতে উপজেলার মস্তফাপুর গ্রামের দুলাল খলিফার ছেলে পাপ্পু খলিফা একটি ল্যাপটপসহ নিখোঁজ হয়। এর তিন দিন পর গত ২৮ ডিসেম্বর সকালে খোয়া যাওয়া ল্যাপটপটি মস্তফাপুর ইউনিয়নের খৈয়ারাভাঙ্গা গ্রামের হাসানের বাড়ি থেকে উদ্ধার করা হয়। এরপর শাকিল খলিফার শ্যালক হাসানকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যমতে, মস্তফাপুর গ্রামের শাকিলকে গ্রেপ্তার করে পুলিশ। শাকিলের স্বীকারোক্তি অনুযায়ী, এলাকার একটি ডোবার কচুরিপানার নিচ থেকে পাপ্পু খলিফার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ২৮ ডিসেম্বর থানায় একটি হত্যা মামলা হয়েছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, শাকিল ও হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। শাকিল জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, ল্যাপটপের জন্যই পাপ্পুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।