মাদারীপুরে সংঘর্ষে তিন পুলিশসহ আহত ১৭
মাদারীপুরের রাজৈর উপজেলার গোবিন্দপুর গ্রামে শিশুদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিন পুলিশসহ ১৭ জন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আহত রাজৈর থানার পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুজ্জামান, সদস্য আবুল হোসেন ও লতিফ মুফতীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা হলেন তপন মোল্লা (৩৫), বাসু মৃধা (৪৫), তুরান (২৫), ইউসুফ আলী (২৮), হারুন মুন্সী (৫০), লিটন (২৩), আসমা বেগম (২৭), জব্বর শেখ (৩৫), ওয়াজকরনী (২৬) ও নাজমুল শেখ (২৭)। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। এলাকাবাসী ও রাজৈর থানা সূত্র জানায়, পয়লা বৈশাখের দিন ক্রিকেট খেলাকে কেন্দ্র করে গোবিন্দপুর গ্রামে শিশুদের মধ্যে সংঘর্ষ হয়। এরই জের ধরে গতকাল দুপুরে স্থানীয় দবির মোল্লা ও দুলহক শেখ—এই দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, দুই পক্ষের সংঘর্ষ চলাকালে তিন পুলিশ আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচটি ফাঁকা গুলি ছুড়তে হয়েছে।