মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতাসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় যুবদলের নেতাসহ দুই মোটারসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল নয়টার দিকে কোটালীপাড়া-রাজৈর আঞ্চলিক সড়কে রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন গোপালগঞ্জের কোটালীপাড়া পৌর এলাকার আলিখাপাড়া মহল্লার মৃত আবদুল মালেকের ছেলে মো. মিজানুর রহমান (৩০) ও বগুড়ার ধুনট উপজেলার পাকুরহাটা গ্রামের মো. মফিজুল হকের ছেলে মো. শামীম হক (৩২)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আফসানা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো চ-৩৬৭৮) রাজৈর থেকে কোটালীপাড়া যাওয়ার পথে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ওই মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটালিপাড়া ভাঙ্গারহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুমন আইচ জানান, মিজানুর রহমান কোটালীপাড়া পৌর যুবদলের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক। শামীম হক ১৫ দিন আগে জন্ম নেওয়া তার মেয়েকে দেখতে শ্বশুরবাড়ি কোটালীপাড়ার কাকাডাঙ্গা গ্রামে এসেছিলেন। গতকাল বগুড়া যাওয়ার পথে এ দুর্ঘটনায় তিনি নিহত হন।
কোটালীপাড়া বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসার হাওলাদার মিজানকে কোটালীপাড়া পৌর যুবদলের প্রথম যুগ্ম আহ্বায়ক হিসেবে নিশ্চিত করে বলেন, গোপালগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের নির্বাহী কমিটির সাবেক সদস্য ছিলেন মিজান।