মাদারীপুরে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মাদারীপুরের কালকিনি উপজেলায় স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করার পর শ্বাসরোধে হত্যার দায়ে স্ত্রী আসমা বেগমকে (৩২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সঙ্গে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানাও করা হয়েছে তাঁকে। আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এই রায় দেন।

আদালত ও মামলার বিবরণী সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১২ জানুয়ারি উপজেলার ডাসার থানার পূর্ব বোতলা গ্রামে আলহাজ সরদারকে পিঠার সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেন স্ত্রী আসমা। পরে তাঁকে শ্বাসরোধে হত্যা করেন। ঘটনার পরদিন আসমা ও তাঁর কথিত প্রেমিক রাব্বি সরদারকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহত ব্যক্তির বোন সাজেদা বেগম। সম্প্রতি তদন্ত শেষে ডাসার থানার উপপরিদর্শক (এসআই) জসিমউদ্দিন রাব্বিকে অব্যাহতি দিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে অপরাধ প্রমাণিত হওয়ায় আজ মঙ্গলবার আসমাকে যাবজ্জীবন কারাদণ্ড ও আর্থিক জরিমানা করেন আদালত। রায় ঘোষণার সময় আসমা আদালতে উপস্থিত ছিলেন।

নিহত ব্যক্তির বোন ও মামলার বাদী সাজেদা বেগম বলেন, ‘আমরা আসামির সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেছিলাম। সেটি না হলেও যাবজ্জীবন কারাদণ্ডের আদেশে আমরা খুশি।’

মাদারীপুর জজকোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, আসমা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।