মাদারীপুরে সড়কের সংস্কারকাজ বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ এনে মাদারীপুরের তরমুগরিয়া-কাজীরমোড় সড়কের সংস্কারকাজ বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। গত সোমবার সকালে ব্যবসায়ীরা সেখানে গিয়ে নিম্নমানের সামগ্রী দিয়ে যেনতেনভাবে কাজ করার প্রতিবাদ জানান। ব্যবসায়ীদের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের লোকজনকে এই সড়ক সংস্কারকাজের বাস্তব অবস্থা দেখার অনুরোধ জানানো হয়েছে।সরেজমিনে জানা গেছে, মাদারীপুর শহরের সবচেয়ে বেশি যানবাহন চলে প্রধান বাণিজ্যিক কেন্দ্র পুরান বাজারের প্রধান সড়কটি দিয়ে। প্রতিবার নতুন করে কাজ বা মেরামতের কিছুদিন পরেই রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। গত এক বছরের বেশি সময় এই সড়কটি একেবারেই চলাচলের অনুপযোগী ছিল। কিন্তু বিকল্প কোনো সড়ক না থাকায় বাধ্য হয়েই জনগণকে এই সড়ক দিয়ে চলতে হয়েছে। সমপ্রতি পৌরসভার পক্ষ থেকে অন্যান্য সড়কের সঙ্গে ‘তরমুগরিয়া-কাজীরমোড়’ সড়কটির সংস্কারকাজও শুরু হয়। মাদারীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক মিলন ভূঁইয়া বলেন, ‘শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র পুরান বাজার এলাকার এই সড়কটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিবার নিম্নমানের সামগ্রী দিয়ে সংস্কারকাজ করায় অল্প কিছু দিনের মধ্যেই সড়কটি আগের চেহারায় ফিরে যায়। এ কারণে বণিক সমিতির পক্ষ থেকে সাধারণ ব্যবসায়ীদের নিয়ে প্রতিবাদ করে নিম্নমানের ইট-বালু দিয়ে কাজ করা বন্ধ রাখতে অনুরোধ করেছি। এ ছাড়া এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি।’ ব্যবসায়ী মুরাদ হাসান বলেন, ইটভাটার ফেলে দেওয়া ইটের অংশ (যা মাটির মতো) দিয়ে কাজ করা হচ্ছে। সবার চোখের সামনে বার বার এভাবে কাজ করবে, আর দুর্ভোগ পোহাবে সাধারণ মানুষ, তা মেনে নেওয়া উচিত নয়। কাজ বন্ধ রয়েছে, এখন প্রশাসনের লোকজন এসে দেখুক কী ধরনের নির্মাণসামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে। সংস্কারকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ফারজানা ট্রেডার্সের ব্যবস্থাপক ইব্রাহিম কালু সাংবাদিকদের জানান, ওখানে সবেমাত্র কাজ শুরু হয়েছে। শুরুতেই কাজ নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। ভালো মালামাল দিয়েই উপযুক্তভাবে সড়কটির কাজ করা হবে।মাদারীপুর পৌরসভার মেয়র নূরুল আলম বাবু চৌধুরী জানান, ঠিকাদারদের বলে দেওয়া হয়েছে যদি তাঁরা নিম্নমানের কাজ করেন তবে তাঁদের বিল দেওয়া হবে না। নিম্নমানের কাজের অভিযোগে যেহেতু ব্যবসায়ীরা কাজ বন্ধ করে দিয়েছেন, তাই পৌরসভার পক্ষ থেকে সরাসরি তদারক করে রাস্তাটি সংস্কার করা হবে।