মাদারীপুরে হত্যার দায়ে চারজনের মৃত্যুদণ্ড
মাদারীপুর সদর উপজেলার ছিলারচর গ্রামের হাফেজ চোকদারকে হত্যার দায়ে চারজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। গতকাল সোমবার বিকেলে মাদারীপুর জেলা ও দায়রা জজ বিমল চন্দ্র শিকদার এ রায় দেন। যাবজ্জীবন দেওয়া হয়েছে নিহত হাফেজ চোকদারের স্ত্রী সীমা আক্তারকে। মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন ফেরদাউস খন্দকার (৩০), লিয়াকত বেলদার (২৯), সোনা মিয়া (৩০) ও আলম (৩১)। দণ্ড পাওয়া আসামিদের মধ্যে ফেরদাউস ছাড়া অন্যরা পলাতক। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০০ সালের ১৪ সেপ্টেম্বর রাতে সদর উপজেলার ছিলারচর গ্রামের হালান চোকদারের ছেলে হাফেজ চোকদার তাঁর শ্বশুরবাড়ি শিবচর উপজেলার দক্ষিণ ক্রোকচর গ্রামে বেড়াতে যান। তাঁর স্ত্রী সীমা আক্তার নৌভ্রমণের কথা বলে রাত ১১টার দিকে তাঁকে বাড়ির পাশে আড়িয়াল খাঁ নদে নিয়ে যান। সঙ্গে ছিলেন সীমার প্রেমিক লিয়াকত বেলদার ও তাঁদের তিন সহযোগী ফেরদাউস খন্দকার, আলম ও সোনা মিয়া। তাঁরা হাফেজ চোকদারকে শ্বাসরোধে হত্যা করে লাশ বালুভর্তি বস্তায় বেঁধে নদীতে ফেলে দেন।