মাদারীপুরে হিমাগার কর্মী-ট্রাকশ্রমিক সংঘর্ষ, আহত ৩
মাদারীপুর বিসিক শিল্পনগরী এলাকায় গতকাল রোববার দুপুরে হিমাগারের কর্মচারী ও ট্রাকশ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে তিনজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হচ্ছেন: হিমাগারের কর্মী মন্টু হাওলাদার (৫৫) এবং ট্রাকশ্রমিক মনির (২৮) ও ছানোয়ার হোসেন। তাঁদের মধ্যে মন্টু হাওলাদারকে আশঙ্কাজনক অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুজনকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিন ধরে আলুবোঝাই অনেক ট্রাক মাদারীপুর কোল্ডস্টোরেজের সামনে অপেক্ষা করছে। তিন দিন ধরে অপেক্ষা করার পরও ট্রাকের আলু রাখার উদ্যোগ না নিয়ে ট্রলারে করে নিয়ে আসা আলু রাখার উদ্যোগ নিলে ট্রাকশ্রমিকদের সঙ্গে হিমাগারের কর্মচারীদের সংঘর্ষ শুরু হয়। এ সময় লোহার পাতের আঘাতে হিমাগারের কর্মী মন্টু হাওলাদার এবং ট্রাকশ্রমিক মনির ও ছানোয়ার হোসেন আহত হন। পরে মাদারীপুর সদর থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়ুম আলী সরদার জানান, ঘটনাস্থলে বিসিক এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।