মাদারীপুরে ৩ পুলিশসহ আরও ৪০ জনের করোনা শনাক্ত

মাদারীপুরে ২৪ ঘণ্টায় তিন পুলিশ সদস্যসহ এক দিনে সর্বোচ্চ ৪০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলার চারটি উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২৫৪। মঙ্গলবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. আবদুল হান্নান প্রথম আলোকে বলেন, কোভিড–১৯–এ আক্রান্ত ব্যক্তিদের মধ্যে গোয়েন্দা শাখার (ডিবি) দুজন ও সদর থানার এক পুলিশ সদস্য রয়েছেন। জেলায় এখন পর্যন্ত ১৫ জন পুলিশ সদস্যের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। একজন সুস্থ হলেও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী ১৪ জনের চিকিৎসা চলছে।
জেলা পুলিশ ও সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলার ১৯৪ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন হাতে পেয়েছে স্বাস্থ্য বিভাগ। এতে ৪০ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এর মধ্যে ২৫ জন মাদারীপুর সদর উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত জেলায় আক্রান্ত ২৫৪ জনের মধ্যে তিনজন মারা গেছেন। সুস্থ হয়েছেন ৯০ জন।
মাদারীপুরের সিভিল সার্জন মো. সফিকুল ইসলাম বলেন, জেলায় নতুন করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই তরুণ ও যুবক। তাঁদের বেশির ভাগের নেই কোনো উপসর্গ। বাড়িতে রেখেই চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। যাঁদের বয়স বেশি ও উপসর্গ আছে, তাঁদের হাসপাতালে আনা হচ্ছে।