মাদারীপুরের প্রধান চারটি কলেজে এক সপ্তাহ ধরে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। ভাঙচুর ও শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক-কর্মচারীরা আজ রোববার কর্মবিরতি পালন করবেন। অধ্যক্ষের অপসারণের দাবিতে রাজৈর ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করায় আগামী ছয় দিন কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষক-সংকট, বিদ্যুৎ ও পানির দাবিতে চরমুগরিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা পালন করেছেন প্রতিবাদ কর্মসূচি। এদিকে খোয়াজপুর সৈয়দ আবুল হোসেন কলেজে দুই এলাকার শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর উত্তেজনা বিরাজ করছে। সরকারি নাজিমউদ্দিন কলেজ: সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি নাজিমউদ্দিন কলেজে ২০০ আসন বৃদ্ধির দাবিতে গত বৃহস্পতিবার কলেজ শাখা ছাত্রলীগের একাংশ বিক্ষোভ ও ভাঙচুর করে।কলেজ ছাত্রছাত্রী সংসদের সাবেক জিএস রুবেল খান বলেন, এক মন্ত্রীর হস্তক্ষেপে ২০০ আসন বাড়ানো হয়েছে, অথচ রাজনৈতিক কারণে অধ্যক্ষ ভর্তি করছেন না।অধ্যক্ষ দানেশ মিঞা বলেন, কলেজ থেকে ২০০ আসন বৃদ্ধির জন্য জাতীয় শিক্ষা বোর্ডে আবেদন করা হয়েছে। সেই আবেদন এখনো মঞ্জুর হয়নি। কিন্তু শিক্ষার্থীরা কলেজের দরজা-জানালা ভাঙচুরসহ শিক্ষকদের লাঞ্ছিত ও বিক্ষোভ করেছেন। তাই শিক্ষক-কর্মচারীরা এর প্রতিবাদে আজ কর্মবিরতি পালন করবেন।রাজৈর ডিগ্রি কলেজ : শিক্ষক-শিক্ষার্থী সূত্রের বিবরণ অনুযায়ী, কলেজের পোশাক পরে না আসায় গত মঙ্গলবার চারটি শ্রেণীকক্ষের শিক্ষক সহকারী অধ্যাপক কমল কান্তি দত্ত, নিতীশ চন্দ্র দাস, জাহাঙ্গীর আলম ও ডলি রানী মৃধা এবং ছাত্রছাত্রীদের কান ধরে দাঁড়িয়ে থাকতে বলেন অধ্যক্ষ মরিয়ম মুজাহিদা। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীরা বিক্ষোভ-মিছিল ও ক্লাস বর্জন করেন। এ সময় উত্তেজিত ছাত্ররা কয়েকটি শ্রেণীকক্ষের জানালার কাচ ভাঙচুর করেন। পরে তাঁরা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন। এ ছাড়া মিছিলের সময় অধ্যক্ষের বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষুব্ধ ছাত্ররা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই দিনই কলেজ শিক্ষক পরিষদ মিলনায়তনে পরিচালনা পর্ষদের সদস্য ও সুশীল সমাজের নেতারা ছাত্র-শিক্ষকদের নিয়ে সমঝোতা বৈঠক করেন। এতে সহকারী অধ্যাপক শাজাহান আলী সভাপতিত্ব করেন।এ সময় পরিচালনা পর্ষদের সদস্যরা অধ্যক্ষ মরিয়ম মুজাহিদাকে কলেজ কয়েক দিনের জন্য বন্ধ ঘোষণা অথবা তাঁকে অন্তর্বর্তীকালীন ছুটি নেওয়ার অনুরোধ জানান। পরে মরিয়ম মুজাহিদা সভাপতি বরাবর সাত দিনের ছুটির আবেদন করেন।এদিকে গতকাল শনিবার কলেজে বিক্ষোভ ও ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা অধ্যক্ষের কুশপুত্তলিকা দাহ করে এবং তাঁর পদত্যাগ না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনের ঘোষণা দেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইউএনও আগামী ছয় দিনের জন্য কলেজ বন্ধ ঘোষণা করেন।অধ্যক্ষ মরিয়ম মুজাহিদা দাবি করেন, তিনি শিক্ষকদের কান ধরে দাঁড়াতে বলেনি। শিক্ষকেরা তাঁর কথার ভুল ব্যাখ্যা করেছেন।চরমুগরিয়া ডিগ্রি কলেজ: চরমুগরিয়া ডিগ্রি কলেজের গত সোমবার শিক্ষার্থীরা বিদ্যুৎ, পানি, নিয়মিত ক্লাসসহ বিভিন্ন দাবিতে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ ও ভাঙচুর করেছেন।জাহিদ, সাগরসহ আরও অনেক শিক্ষার্থী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কলেজে বিদ্যুৎ ও পানি নেই। শিক্ষকেরা কলেজে নিয়মিত উপস্থিত থাকেন না, ঠিকমতো ক্লাসও নেন না। অধ্যক্ষসহ অনেক পদ খালি। শিগগিরই এসব সমস্যার সমাধান না হলে তাঁরা বড় ধরনের আন্দোলনে যাবেন।কলেজের শিক্ষক আলী আকবর বলেন, কলেজ থেকে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার চেষ্টা চলছে।খোয়াজপুর সৈয়দ আবুল হোসেন কলেজ: খোয়াজপুর সৈয়দ আবুল হোসেন কলেজে ১০ জুলাই খোয়াজপুর ও বাবনাতলা এলাকার শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে পাঁচ শিক্ষার্থী আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত এক শিক্ষার্থী রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া খোয়াজপুর ও মাদারীপুর সদর এলাকার শিক্ষার্থীদের মধ্যে কয়েক দিন আগে সংঘর্ষে রাম পাল নামের এক শিক্ষকসহ আটজন শিক্ষার্থী আহত হন।শিক্ষক রাম পাল বলেন, সদর ও খোয়াজপুর এলাকার শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্বের অবসান হয়েছে। তবে বাবনাতলা ও খোয়াজপুর এলাকার শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখনো কিছুটা উত্তেজনা রয়েছে।