মাদারীপুরের ছাত্রলীগ নেতার লাশ মানিকগঞ্জে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর সদর উপজেলার ছয়না গ্রামের অহিদ মাতুব্বর (২৮) নামের এক ছাত্রলীগ নেতার লাশ গত শুক্রবার মানিকগঞ্জের সিঙ্গাইর থেকে উদ্ধার করা হয়েছে। অহিদ ছয়না গ্রামের মোয়াজ্জেম মাতুব্বরের ছেলে।অহিদ ২০০৫ সালে মাদারীপুরের সরকারি নাজিমউদ্দিন কলেজ নির্বাচনে ছাত্রলীগের পক্ষ থেকে কমনরুম সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন।নিহতের পরিবার ও পুলিশ জানায়, গত বুধবার সকালে ঢাকার উদ্দেশে অহিদ বাড়ি থেকে বের হন। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে না পেয়ে মাদারীপুর সদর থানায় গত বৃহস্পতিবার সাধারণ ডায়েরি (জিডি) করে তাঁর পরিবার। শুক্রবার সাভার ও সিঙ্গাইর থানার সীমান্তবর্তী একটি ভুট্টাখেতে হাত-পা বাঁধা অবস্থায় অহিদের লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে। পরে পুলিশ তাঁর পকেটে থাকা পরিচয়পত্র দেখে মাদারীপুর থানায় খবর দেয়। রাতেই লাশ মাদারীপুরে আনা হয়। ওই দিনই তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।নিহতের বড় ভাই খোকন মাতুব্বর বলেন, ইতালিপ্রবাসী এক বন্ধুর পাঠানো টাকা আনতে গত বুধবার ঢাকার সাভারে যান অহিদ। ওই দিন রাত থেকেই তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘সিঙ্গাইর থানা আমাদের ফোন করে অহিদের লাশ উদ্ধারের কথা জানায়।’