মাদারীপুরের পল্লিতে ছাত্রীকে দোররা, স্কুল থেকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করে এক বখাটে যুবক। এর বিচার চাওয়ায় ছাত্রীটিকে মারা হয়েছে ৫০টি দোররা। ওই ছাত্রীর বিদ্যালয়েরই প্রধান শিক্ষক ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সালিস বৈঠক করে তাকে এ শাস্তি দিয়েছেন।ঘটনাটি ঘটেছে মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজাত ইউনিয়নের বিশাই হাওলাদারের কান্দি গ্রামে।এ ঘটনার পর থেকে ওই ছাত্রী এবং তার পরিবারের লোকজন অপমান ও লজ্জায় এখন ঘর থেকে বের হচ্ছে না। এ ব্যাপারে স্কুলছাত্রীর বাবা গত বৃহস্পতিবার শিবচর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।এলাকাবাসী ও পারিবারিক সূত্রের বিবরণ অনুযায়ী, চরজানাজাত ইউনিয়নের ইলিয়াছ আহম্মেদ চৌধুরী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ওই ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করত একই গ্রামের বখাটে রাসেল গাছি। গত ৯ জুন বিদ্যালয়ে যাওয়ার পথে রাসেল ধারালো অস্ত্রের মুখে মেয়েটিকে একটি পাটখেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটির চিৎকারে পরিচিতজনেরা এগিয়ে এসে রাসেলকে ধাওয়া করলে সে পালিয়ে যায়। ওই দিনই মেয়েটির বাবা স্কুলের প্রধান শিক্ষক মো. সুলতান মাহমুদকে বিষয়টি জানান। কিন্তু প্রধান শিক্ষক ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান সরকারকে বিষয়টি জানিয়ে বিচার চান মেয়েটির বাবা।গত ২২ জুন দুপুরে স্কুলের লাইব্রেরিতে চেয়ারম্যান ও প্রধান শিক্ষকের নেতৃত্বে সালিস বৈঠক বসে। শতাধিক মানুষের উপস্থিতিতে মেয়েটিকে ‘চরিত্রহীন’ আখ্যায়িত করে তাকে ৫০টি দোররা মারার নির্দেশ দেন চেয়ারম্যান ও প্রধান শিক্ষক। মেয়েটির বাবাকে এ সাজা কার্যকরের নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া বখাটে রাসেলকেও ৫০টি দোররা মারার হুকুম দেওয়া হয়। মেয়েটির বাবা এ বিচার মেনে না নিয়ে প্রতিবাদ করেন। চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে মেয়েটির বাবাকেও পেটানোর হুকুম দেন। ইউনিয়ন পরিষদের চৌকিদার তাকে পেটাতে গেলে অসহায় বাবা বাধ্য হয়ে মেয়েকে দোররা মারেন।স্কুলছাত্রী গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলে, ‘অপরাধ করল রাসেল, আর সাজা ভোগ করতে হলো আমাকে। স্যার (প্রধান শিক্ষক) আমাকে স্কুলে যেতে নিষেধ করেছেন। স্যার বলেছেন, দু-এক দিনের মধ্যে আমাকে স্কুল থেকে টিসি (ছাড়পত্র) দেওয়া হবে। এহন আমার মরণ ছাড়া কোনো উপায় নাই। এলাকায় মুখ দেখামু ক্যামনে।’মেয়েটির বাবা বলেন, ‘আমাদের ওপর অবিচার করা হয়েছে। আবার আমার মেয়েকে স্কুল থেকে বের করে দিয়েছে। আমি এ অন্যায়ের বিচার চাই। থানায় যাওয়ার পর থেকে রাসেলের পরিবার আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।’এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মো. সুলতান মাহমুদ বলেন, ‘ছাত্রীটিকে রাসেল পাটখেতে নিয়ে গেছে, তা ঠিক। তবে ছাত্রীরও দোষ আছে। আমরা ওকে দোররা মারিনি; মেরেছে ওর বাবা।’চেয়ারম্যান বজলুর রহমান সরকারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।শিবচর থানার উপপরিদর্শক (এসআই) আহম্মদ আলী প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে ধর্ষণের চেষ্টা ও দোররা মারার অভিযোগের সত্যতা পাওয়া গেছে।