মাদারীপুরের পুকুরটি ভরাট বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ
মাদারীপুর শহরের পুলিশ ফাঁড়ির পাশের পুকুরটি ভরাট বন্ধে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট), মাদারীপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর থানার ওসির প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল সোমবার এ আদেশ দেন। একই সঙ্গে পুকুরটি ভরাট ও দখল কার্যক্রমের ওপর দুই মাসের জন্য স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
‘জেলা প্রশাসনের পুকুর ভরাট করছে যুবলীগ-ছাত্রলীগ’ শিরোনামে ৬ অক্টোবর প্রথম আলোয় প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনে বলা হয়, যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় কয়েকজন নেতা অবৈধভাবে পুকুরটি ভরাট করছেন বলে অভিযোগ পাওয়া যায়। মাদারীপুর পৌরসভা ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, শহরের পুরান বাজারের লঞ্চঘাট এলাকায় থাকা এই পুকুর প্রায় ২০০ বছরের পুরোনো। ২ একর ৩ শতাংশের এই পুকুরের মালিক জেলা প্রশাসন।
এই প্রতিবেদন যুক্ত করে পরিবেশ সংরক্ষণে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ গত রোববার রিটটি করে। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। শুনানি নিয়ে রুলসহ আদেশ দেন আদালত।
রুলে ওই পুকুর ভরাট বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না এবং পুকুরটির ভরাট করা অংশ ভরাটকারীদের নিজ খরচে অপসারণ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, পরিবেশসচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (এনফোর্সমেন্ট), মাদারীপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ১২ জন বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, পুকুরটি ভরাট প্রক্রিয়ার সঙ্গে রয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের চাচাতো ভাইয়ের ছেলে ও মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের সাবেক ভিপি সাইফুর রহমান রুবেল খান, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভির মাহমুদ।
আদেশের পর আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, পুকুরটি ভরাট বন্ধে ব্যবস্থা নিতে দেওয়া নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে দুই সপ্তাহের মধ্যে ওই পাঁচ বিবাদীকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আর দুই মাসের স্থিতাবস্থা বজায় রাখতে ভরাটে যুক্ত তিনজনের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। যুবলীগ-ছাত্রলীগের ওই তিন নেতাকে নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে দুই সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।