মাদারীপুরের যৌনপল্লিতে হামলা, ভাঙচুর ও লুটপাট
মাদারীপুর শহরের পুরান বাজারের যৌনপল্লিতে হামলা, ভাঙচুর ও লুটপাট হয়েছে। এ ঘটনার জন্য ইসলাহে কওম পরিষদ নামের একটি সংগঠনের কর্মীদের দায়ী করেছেন যৌনকর্মীরা।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ওই হামলার পর বেশির ভাগ যৌনকর্মী পল্লি ছেড়ে চলে গেছেন। পুলিশ পল্লির এলাকাটি ঘিরে রেখেছে।
মাদারীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার গতকাল প্রথম আলোকে বলেছেন, এই হামলা ইসলাহে কওম পরিষদের ব্যানারে হয়নি। তাঁদের দুজনেরই দাবি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা যৌনকর্মীদের পুনর্বাসনের বিষয়ে আলোচনা করতে গেলে তাঁদের ওপর পল্লির লোকজন হামলা করে। পরে বাজারের লোকজন জড়ো হয়ে যৌনকর্মীদের ওপর একযোগে হামলা করে। স্থানীয় কয়েকজন মুসল্লি তাদের সঙ্গে যোগ দেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক নূর-উর-রহমান।
যৌনকর্মীদের সঙ্গে আলোচনা করতে যাওয়া গণ্যমান্য ব্যক্তি কারা, সে বিষয়ে তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন পুলিশ সুপার খোন্দকার ফরিদুল আলম। হামলার বিষয়ে রাতেই পুলিশ বাদী হয়ে মামলা করবে বলে গতকাল পৌনে আটটায় তিনি জানান।
এদিকে হামলার প্রতিবাদে ঢাকায় যৌনকর্মীদের সংগঠন সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্ক অব বাংলাদেশের এক সংবাদ সম্মেলনে নাম উল্লেখ না করে এই হামলায় একজন মন্ত্রীর বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ করা হয়েছে।
সম্মেলনে জানানো হয়, ইসলাহে কওম পরিষদ নামে একটি সংগঠন দীর্ঘদিন ধরে এই যৌনপল্লি উচ্ছেদের আন্দোলন করে আসছিল। এ নিয়ে জেলা প্রশাসন ইসলাহে কওম পরিষদ ও যৌনপল্লির নেত্রীদের সঙ্গে বৈঠক করে। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সঙ্গেও এ নিয়ে বৈঠক করা হয়। বিষয়টির সুরাহা না হওয়ায় গতকাল ইসলাহে কওম পরিষদের নেতাদের নেতৃত্বে পুরান বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন অতর্কিত হামলা চালায়। এ সময় পল্লির সব ঘর ভাঙচুর করে হামলাকারীরা। লুটপাটে অংশ নেয় স্থানীয় লোকজন। সকাল থেকে শুরু করে তিন দফা হামলা চালানো হয় যৌনপল্লিতে। প্রথম দফা হামলার পর পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর আরও দুবার হামলা হয়। কিন্তু পুলিশ তা ঠেকানোর ব্যবস্থা নেয়নি।
বেলা একটার দিকে কওম পরিষদ পল্লির পাশে সভা করে। পল্লি ছেড়ে না গেলে আবার হামলার হুমকি দেওয়া হয়। এ সময় হামলা চালালে পুলিশ কয়েকজনকে আটক করে।
যৌনপল্লির ‘বান্ধবী’ নারী সংগঠনের সভানেত্রী মমতা বলেন, ‘আমাদের কোনো নোটিশ না দিয়ে উচ্ছেদের জন্য অতর্কিত হামলা চালিয়ে সবকিছু লুট করে নিয়ে গেছে। ইসলাহে কওমের মাধ্যমে আমাদের ওপর হামলা চালিয়ে আমাদের নিঃস্ব করা হয়েছে।’ হামলার পর অনেক কর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দাবি করেন তিনি।
ইসলাহে কওমের সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমঞ্চদ বলেন, ‘যৌনপল্লি উচ্ছেদের জন্য ৩১ আগস্ট আমাদের কর্মসূচি ছিল। পল্লির সদস্যদের নিরাপদে স্থান ত্যাগ করার জন্য শহরের ২০ জন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে একটা কমিটি করা হয়েছে। তাঁরা আজ (মঙ্গলবার) সকালে নোটিশ দিতে গেলে পল্লির মেয়েরা তাঁদের ওপর হামলা চালায়। এরপর এলাকাবাসী তাঁদের ওপর পাল্টা হামলা চালায়। আমরা দ্রুত সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি।’
খোন্দকার ফরিদুল ইসলাম বলেন, ‘আমরা শোনামাত্রই ঘটনাস্থলে যাই। কিন্তু ততক্ষণে অনেক ক্ষতি হয়ে গেছে। এই ঘটনায় থানার ওসি, সার্কেল এসপি, অ্যাডিশনাল এসপি আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আট-দশজনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় পুলিশ অবস্থান করছে এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।’
গত ১৬ এপ্রিল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ মাদারীপুর যৌনপল্লির ৫০০ যৌনকর্মীকে উচ্ছেদের ভীতি প্রদর্শনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেন। মাদারীপুরের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলা হয়। একই সঙ্গে আদালত তিন মাসের জন্য যৌনকর্মীদের হয়রানি না করতে এবং তাদের পেশা চালিয়ে যেতে আদেশ দেন। গত ২২ জুলাই বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ আগের নির্দেশনার মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি করেন। যৌনপল্লি উচ্ছেদের জন্য অব্যাহত হুমকির পরিপ্রেক্ষিতে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই আদেশ দেন।
মূলত যৌনপল্লির জমি দখলের জন্য রাজনৈতিক দলগুলোর ছত্রছায়ায় ইসলামি সংগঠনগুলো এই পল্লিতে হামলা করেছে বলে গতকালের সংবাদ সম্মেলনে সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্কের পক্ষ থেকে অভিযোগ করা হয়। পল্লির ৭৫ শতাংশ জমিই যৌনকর্মীদের কেনা বলে এ সময় জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন নেটওয়ার্কের সভানেত্রী জয়া সিকদার। এই হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও যৌনকর্মীদের পুনর্বাসনের দাবি করা হয়। সম্মেলনে এক প্রশ্নের জবাবে আসকের আইনি সহায়তা বিভাগের নীনা গোস্বামী এই হামলায় একজন মন্ত্রীর প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তা আছে বলে অভিযোগ করলেও তাঁর নাম তিনি বলেননি।
মানবাধিকার কমিশনের উদ্বেগ: যৌনপল্লিতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। গতকাল এক বিজ্ঞপ্তিতে কমিশনের পক্ষ থেকে বলা হয়, এ অবস্থায় যৌনকর্মীদের সার্বিক মানবাধিকার পরিস্থিতি, বিশেষ করে জীবনের নিরাপত্তা ও পুনর্বাসন নিয়ে কমিশন গভীরভাবে উদ্বিগ্ন।