মাদারীপুরের স্কুলছাত্রী হ্যাপির লাশের আবার ময়নাতদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরে নিহত স্কুলছাত্রী হ্যাপি আক্তারের লাশ কবর থেকে উত্তোলন করে আবার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
গত ১৩ আগস্ট মাদারীপুর সদরের মোস্তফাপুর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির দুই ছাত্রী সুমাইয়া (১৪) ও তার সহপাঠী প্রতিবেশী হ্যাপি আক্তার (১৫) স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। ওই দিন বিকেলে মাদারীপুর হাসপাতালে তাদের লাশ পাওয়া যায়। ওই দুই কিশোরীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, ধর্ষণের পর তাদের হত্যা করা হয়েছে।
নিহত হ্যাপির মা মুক্তা বেগমের আইনজীবী মাসুদ হোসেন দোলন প্রথম আলোকে বলেন, হাইকোর্ট হ্যাপির লাশ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের ব্যবস্থা করতে মাদারীপুরের জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।