মাদারীপুরের সড়ক দুর্ঘটনায় নিহত ৪
মাদারীপুরের রাজৈর উপজেলায় বাস ও মাহিন্দ্রের মধ্যে মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন।
আজ শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার বড়ব্রিজ এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন বেলাল শেখ (৫০), বাবুল (৩৫) ও মেরিন আক্তার (২৭)। তাঁদের বাড়ি রাজৈর উপজেলায়।
আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, স্থানীয় তিন চাকার যান মাহিন্দ্রটি টেকেরহাট থেকে রাজৈর আসছিল। মাদারীপুর থেকে ঢাকাগামী বাসটি বিপরীত দিক থেকে আসছিল। বড়ব্রিজ এলাকায় যানবাহন দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেওয়ার পর দুজন মারা যায়।
দুর্ঘটনার পর ওই এলাকার মহাসড়কে ঘণ্টা খানেক যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধারকাজ শুরু করেন।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) কাজী রমজানুল হক প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত চারজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।