মাদারীপুরের ১০ যুবকের সন্ধান জানে না পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর সদর উপজেলার দত্ত কেন্দুয়া ইউনিয়নের শ্রীনাথদি গ্রামের ১০ যুবক গত বছরের মার্চ থেকে জুনের মধ্যে নৌপথে মালয়েশিয়া যান।
ওই গ্রামের জাহাঙ্গীর হাওলাদার বেশি বেতনে চাকরি দেওয়ার কথা বলে ওই যুবকদের মালয়েশিয়ায় পাঠান। এরপর থেকে তাঁদের কোনো খোঁজ পাচ্ছেন না পরিবারের সদস্যরা।
এদিকে এক যুবককে ছাড়িয়ে নেওয়ার কথা বলে জাহাঙ্গীর কয়েক দফায় টাকা নিলেও পরিবারের সদস্যরা তাঁকে ফিরে পাননি।
ওই যুবকদের পরিবার ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, তিন বছর ধরে দত্ত কেন্দুয়া ইউনিয়নের শ্রীনাথদি গ্রামের জাহাঙ্গীর বেশি বেতনে চাকরি দেওয়ার কথা বলে গ্রাম থেকে শ্রমজীবী যুবকদের মালয়েশিয়ায় নিয়ে যেতেন।
জাহাঙ্গীর সমুদ্রপথে ট্রলারে মালয়েশিয়ায় লোক পাঠানোর কাজ করেন। তিনি গত বছরের মার্চ থেকে জুন পর্যন্ত শ্রীনাথদি গ্রামের জিলু হাওলাদারের ছেলে অহিদুল, তৈয়ব শেখের ছেলে দুলাল শেখ, মজিদ বয়াতির ছেলে সুমন বয়াতি, কিরণ মাতবরের ছেলে সবুজ মাতবর, দেলোয়ার হোসেনের ছেলে জুয়েল মিয়া, সুলতান বয়াতির ছেলে লুৎফর বয়াতি, জলিল ব্যাপারীর ছেলে বেনজেল ব্যাপারী, লিয়াকত মিয়ার ছেলে মকবুল হোসেন, মতি চৌকিদারের ছেলে রেজাউল চৌকিদার ও নাজির খালাসির ছেলে সানোয়ার খালাসিকে নৌপথে মালয়েশিয়ায় পাঠান। বাড়ি থেকে যাওয়ার পর ওই যুবকেরা পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করেননি। তাঁরা কোথায় আছেন, তাও পরিবারের সদস্যরা জানেন না। ওই যুবকেরা থাইল্যান্ডে আটকা পড়েছেন—এমন কথা বলে অহিদুলের পরিবারের কাছ থেকে কয়েক দফায় দুই লাখ টাকা নেন জাহাঙ্গীর। চলতি বছরের জানুয়ারি থেকে জাহাঙ্গীরও পলাতক রয়েছেন।
নাজির খালাসি বলেন, তাঁদের অজান্তে জাহাঙ্গীরের সঙ্গে তাঁর ছেলে মালয়েশিয়ার পথে যাত্রা করেছিলেন। তাঁর ছেলে কক্সবাজার পৌঁছে ট্রলারে ওঠার আগে ফোন করে মালয়েশিয়া যাওয়ার কথা জানান। এরপর থেকে তাঁর সঙ্গে তাঁদের কোনো যোগাযোগ নেই। ছেলে কোথায় কী অবস্থায় আছেন, তাঁরা তা জানেন না। জাহাঙ্গীরের কাছে কয়েকবার ছেলের ব্যাপারে জানতে চাইলে তিনিও কিছু বলেননি।
অহিদুলের ভাই শহীদুল ইসলাম বলেন, ‘আমার ভাই গ্রামে কৃষিশ্রমিকের কাজ করতেন। ভালো চাকরির লোভে জাহাঙ্গীরের সঙ্গে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার জন্য গত বছরের জুনে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাচ্ছি না।’ অহিদুল থাইল্যান্ডে আটকা পড়েছেন—এমন কথা বলে জাহাঙ্গীর কয়েক দফায় তাঁদের কাছ থেকে দুই লাখ টাকা নিয়েছেন। এখন জাহাঙ্গীরই পালিয়ে রয়েছেন।
জাহাঙ্গীর পলাতক থাকায় এ বিষয়ে জানতে তাঁর বাবা নূর মোহাম্মদ হাওলাদারের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে নূর মোহাম্মদ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, মানব পাচারের ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়েছে। মামলাগুলো তদন্ত করা হচ্ছে। জাহাঙ্গীরের বিরুদ্ধে মানব পাচারের মৌখিক অভিযোগ পাওয়া গেছে।