মাদ্রাসা উচ্ছেদ করে জমি দখল

ভোলা সদর উপজেলার মালেরহাট মহিলা দাখিল মাদ্রাসা ও উম্মে সালমান আদর্শ একাডেমির ঘর উচ্ছেদ করে গোয়ালঘর নির্মাণ করা হয়েছে। এ অবস্থায় গতকাল সোমবার পর্যন্ত পাঁচ দিন ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।
কমপক্ষে ২০ জন ছাত্র, অভিভাবক, প্রত্যক্ষদর্শী ও মাদ্রাসা কর্তৃপক্ষ সূত্র জানায়, বৃহস্পতিবার দাখিল পরীক্ষার কারণে মাদ্রাসাটি বন্ধ ছিল। এ সুযোগে দুপুরে স্থানীয় মো. নাজিম উদ্দিন বাঘার নেতৃত্বে একদল সন্ত্রাসী মাদ্রাসাটির ঘর ও আসবাব ভাঙচুর করে। তারা ঘরের বেড়া, চাল, চেয়ার-টেবিল ও আসবাব পাশের রাস্তায় ফেলে দেয়। পরে মাদ্রাসার জমিতে গোয়ালঘর নির্মাণ করে। পুলিশ এসে নাজিম উদ্দিনের ভাই আ. হাই বাঘাকে আটক করে। পরে ছেড়ে দেয়।
মো. নাজিম উদ্দিন বলেন, এটি তাঁর শ্বশুরবাড়ির পাওনা জমি। মাদ্রাসাটির দায়িত্বশীল ব্যক্তিরা তাঁর জমিতে ঘর উঠিয়ে মাদ্রাসা ও কিন্ডারগার্টেন করেছেন। এখন প্রয়োজনে মাদ্রাসার ঘর ভেঙে তিনি নতুন ঘর নির্মাণ করছেন।
মাদ্রাসাটির ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি আবুল হাসান বলেন, যদি জমি নিয়ে বিরোধ থাকে, তাহলে সে জন্য আইন আছে, বিচার আছে। শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর করে গোয়ালঘর ওঠানো অসভ্যতা। এখন শিক্ষার্থীরা কই যাবে?
গতকাল দুপুরে সরেজমিনে দেখা যায়, ভোলা-মালেরহাট সড়কের পাশে ও পাশের বাড়ির সামনে ভাঙাচোরা অবস্থায় মাদ্রাসাটির আসবাব পড়ে আছে। মাদ্রাসাটির মাঠে গোয়ালঘর।
মো. আরিফুর রহমান, মো. রিয়াজ, কালু ব্যাপারীসহ মাদ্রাসাটির কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক বলেন, কবে নাগাদ প্রতিষ্ঠানটিতে পাঠদান শুরু হবে, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তাঁরা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি করেন।
প্রতিষ্ঠানটির সুপারিনটেনডেন্ট মো. মহসিন বলেন, ১৯৯৮ সালে তাঁর মালিকানাধীন এক একর জমি দলিল করে দিয়ে মাদ্রাসাটি নির্মাণ করেন। বর্তমানে এখানে দুই শতাধিক ছাত্রী রয়েছে। ২০০২ সালে একই জমিতে উম্মে সালমান আদর্শ একাডেমি নামে একটি কিন্ডারগার্টেন চালু করেন। মো. নাজিম উদ্দিন বাঘা তাঁর ভগ্নিপতি। তিনি বাবার কাছে জমি পাবেন। তাঁকে অন্য স্থানে পাওনার চেয়ে বেশি জমি দেওয়া হয়েছে। কিন্তু মাদ্রাসার জমির ওপর তাঁর লোভ। এ কারণে বৃহস্পতিবার সন্ত্রাসী দিয়ে তিনি মাদ্রাসার ঘর ভাঙচুর করেছেন। অফিসের কাগজপত্র নষ্ট করেছেন। মাদ্রাসার জমিতে গোয়ালঘর নির্মাণ করেছেন।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছিল। তবে এ ব্যাপারে মামলা হয়নি। তাই ছেড়ে দেওয়া হয়েছে। মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৃধা মো. মোজাহিদুল ইসলাম বলেন, ‘উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জেনে ব্যবস্থা নিতে বলেছি।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াদ হাসান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানটি এমপিওভুক্ত না হওয়ায় তাঁরা প্রতিষ্ঠানটি দেখভাল করছেন না।