জেএসসি-জেডিসির বৃত্তির নতুন নীতিমালা
মাদ্রাসা এই প্রথম বৃত্তির আওতায় একই নম্বর পেলে জ্যেষ্ঠতার নিয়ম
অষ্টম শ্রেণী শেষ করা শিক্ষার্থীদের বৃত্তির নতুন নীতিমালা ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এখন থেকে সাধারণ ধারার পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীরাও সরকারি বৃত্তি পাবে।জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশের পাঁচ মাসেরও বেশি সময় পর গতকাল মঙ্গলবার বৃত্তির নীতিমালা প্রকাশ করা হলো। এর ভিত্তিতে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা করা হবে।নীতিমালায় একই নম্বর পাওয়া একাধিক ছাত্রছাত্রীর বেলায় বয়সে জ্যেষ্ঠজনকে বৃত্তির তালিকাভুক্ত করতে বলা হয়েছে। উল্লেখ্য, জিপিএর ভিত্তিতে একাদশ শ্রেণীতে ভর্তির নিয়ম চালু হওয়ার শুরুর দিকে এ রকম বিধান অন্তর্ভুক্ত করা হলে বিতর্ক ওঠে। পরে তা বাদ দেওয়া হয়েছিল। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন গতকাল সন্ধ্যায় (সাড়ে ছয়টা) প্রথম আলোকে বলেন, ‘নীতিমালাটি এখনো হাতে পাইনি। পেলে যত তাড়াতাড়ি সম্ভব তালিকা করা হবে।’একই নম্বর পাওয়ার ক্ষেত্রে বেশি বয়সী শিক্ষার্থীর অগ্রাধিকারসংক্রান্ত বিধানটি ‘ঠিক হয়নি’ বলে অভিমত দিয়েছেন বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।নীতিমালা অনুযায়ী, জেএসসি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ৩০ হাজার ৮০০ শিক্ষার্থী ২০১০ সালের বৃত্তি পাচ্ছে। মেধা কোটায় নয় হাজার ৮০০ ও সাধারণ কোটায় ২১ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। জেডিসিতে উত্তীর্ণ মাদ্রাসার ছয় হাজার শিক্ষার্থী বৃত্তি পাচ্ছে। এর মধ্যে দুই হাজার মেধা কোটায় ও চার হাজার সাধারণ কোটায়।মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্তের প্রশংসা করেছেন এই শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবদুর নুর। প্রথম আলোকে তিনি বলেন, ‘সরকারের এই সিদ্ধান্ত মাদ্রাসার জন্য খুবই ভালো হবে। আরও বেশি করে মেধাবী শিক্ষার্থী মাদ্রাসায় আসতে উৎসাহিত হবে।’আবদুর নুর জানান, এত দিন শুধু মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রথম চেয়ারম্যান বাকীবিল্লাহ খানের নামে একটি বৃত্তি চালু ছিল। এতে প্রতি জেলায় মাত্র তিনজন করে শিক্ষার্থীকে মাসে ১০০ ও বছরে এককালীন ৩০০ টাকা করে বৃত্তি দেওয়া হয়।নতুন নীতিমালা অনুযায়ী জেএসসি ও জেডিসি—উভয় ব্যবস্থায় মেধা কোটায় বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা প্রতি মাসে ৩০০ টাকা করে পাবে। পাশাপাশি বছরে এককালীন পাবে ৩৭৫ টাকা। সাধারণ কোটায় পাওয়া যাবে প্রতি মাসে ২০০ ও বছরে এককালীন ২২৫ টাকা। উভয় কোটা মিলিয়ে ছাত্রছাত্রীরা সমান সংখ্যায় (৫০ ঃ ৫০) বৃত্তি পাবে। বৃত্তির মেয়াদ হবে আগের মতোই দুই বছর—নবম ও দশম শ্রেণী পর্যন্ত। পরীক্ষায় অংশগ্রহণকারীদের অনুপাতে উপজেলা বা থানাওয়ারি বৃত্তির সংখ্যা বণ্টন করা হবে। মেধা কোটায় বৃত্তির ন্যূনতম যোগ্যতা জিপিএ-৩ ও সাধারণ কোটায় জিপিএ-২।নীতিমালায় আরও বলা হয়েছে, একাধিক ছাত্রছাত্রী একই গ্রেড পেলে বাংলা, ইংরেজি ও গণিতে পাওয়া নম্বরের ভিত্তিতে কে বৃত্তি পাবে, তা নির্ধারণ করা হবে। একাধিক শিক্ষার্থী এ তিনটি বিষয়ে একই নম্বর পেলে যে বয়সে জ্যেষ্ঠ, তাকে তালিকাভুক্ত করা হবে। প্রাথমিক ও অষ্টম শ্রেণী শেষের বৃত্তিপ্রাপ্তরা বিনা বেতনে পড়াশোনার সুযোগ পেয়ে থাকে।উল্লেখ্য, ২০১০ সালে প্রথম জেএসসি ও জেডিসি পরীক্ষা চালু হয়। এর আগ পর্যন্ত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বার্ষিক পরীক্ষার অতিরিক্ত ‘জুনিয়র বৃত্তি’ পরীক্ষা হতো। মাদ্রাসা শিক্ষা বোর্ডে কোনো বৃত্তির ব্যবস্থা ছিল না।