মাদ্রাসা ও বসতবাড়িতে যুবলীগের হামলা!
নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা সীমান্তের পাটোয়ারীর হাটসংলগ্ন একটি নূরানী মাদ্রাসা ও পার্শ্ববর্তী বাড়িতে যুবলীগ কর্মীদের হামলা-ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে।
হামলাকারীরা এ সময় মাদ্রাসার ভেতর থেকে আসবাবপত্র ও বইপত্র বাইরে এনে অগ্নিসংযোগ করে। এ ছাড়া একই সময় দুটি মোটরসাইকেল আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। খবর পেয়ে উভয় থানা-পুলিশ ঘটনাস্থলে গেলেও হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার সীমান্তবর্তী চাপরাশিরহাট বাজারের তিন যুবলীগ কর্মী পাটোয়ারী হাট এলাকায় গেলে স্থানীয় বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এ ঘটনার পর ওই তিন যুবলীগ কর্মী সেখান থেকে চলে এসে এলাকায় এ ঘটনা জানান। এরপর রাত আটটার দিকে চাপরাশিরহাট এলাকা থেকে যুবলীগের কর্মীরা সংঘবদ্ধ হয়ে পাটোয়ারী হাটসংলগ্ন জামায়াত-সমর্থক হেলাল হুজুর পরিচালিত দারুল উলুম নূরানী মাদ্রাসায় হামলা চালায়। হামলাকারীরা এ সময় মাদ্রাসার ভেতর থেকে বইপত্র ও আসবাবপত্র বাহিরে এনে আগুন ধরিয়ে দেয়। একই সময় সেখানে থাকা হেলাল হুজুরের একটিসহ দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং পার্শ্ববর্তী নুরুল আমিন মুন্সীর বাড়ির সাতটি বসতঘরে হামলা-ভাঙচুর চালায়। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক বাসিন্দা অভিযোগ করেন, সংঘাত বুঝতে পেরে তাঁরা উভয় থানার পুলিশকে ঘটনাটি জানিয়েছিলেন; কিন্তু তাঁরা ঘটনাস্থলে এসে ঘুরে গেলেও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় শেষ পর্যন্ত বাড়িঘরও হামলার শিকার হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাহবুবুল আলম বলেন, বিএনপি-জামায়াতের বিরোধের জের ধরে একটি মক্তবের মালামাল বাইরে অগ্নিসংযোগ করেছে বিএনপির লোকজন।
অন্যদিকে, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহামঞ্চদ সাজেদুর রহমান বলেন, যুবলীগের লোকজন কবিরহাট থানা এলাকার একটি নূরানী মাদ্রাসায় হামলা ও আসবাপত্রে অগ্নিসংযোগের কথা তিনি শুনেছেন। ঘটনাটি তাঁর থানার মধ্যে না পড়ায় পুলিশ গিয়ে ফিরে আসে। কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহিরুল হক রায়হান দাবি করেন, ‘ঘটনার সঙ্গে যুবলীগের কেউ জড়িত নন।