মাদ্রাসা কর্তৃপক্ষের ভুলে পরীক্ষা দিতে পারেনি এক শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার একটি মাদ্রাসা কর্তৃপক্ষের ভুলে গতকাল বৃহস্পতিবার দাখিল পরীক্ষায় অংশ নিতে পারেনি এক শিক্ষার্থী। এ নিয়ে ওই শিক্ষার্থীর বাবা আবদুস সাত্তার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

ওই শিক্ষার্থীর পরিবার ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের শ্যামের বাজার এলাকার সামিনা একই উপজেলার পশ্চিম বেজগ্রাম দাখিল মাদ্রাসার দাখিলের পরীক্ষার্থী ছিল। গতকাল শুরু হওয়া দাখিল পরীক্ষায় অংশ নিতে গত বুধবার প্রবেশপত্র সংগ্রহ করতে মাদ্রাসায় যায় সে। মাদ্রাসা কর্তৃপক্ষ তার কাছ থেকে সাড়ে তিন শ টাকা নিয়ে প্রবেশপত্রটি বাড়িতে পৌঁছে দেওয়ার কথা জানায়। কিন্তু ওই দিনই (বুধবার) রাতেহঠাৎ মাদ্রাসার সুপারসহ কয়েকজন শিক্ষক মেয়েটির বাড়িতে গিয়ে জানান, সামিনার প্রবেশপত্র আসেনি। বিষয়টি শুনে মুহূর্তেই সংজ্ঞাহীন হয়ে পড়ে মেয়েটি। পরে স্থানীয় চিকিৎসকের চিকিৎসায় তার জ্ঞান ফেরে।

আবদুস সাত্তার বলেন, পরীক্ষার এক দিন আগে প্রবেশপত্র না আসার কথা শুনে মেয়েটি কিছুই খাচ্ছে না। সারাক্ষণ শুধু কাঁদছে। এ ঘটনায় তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৈয়ব আলী ও ইউএনও সৈয়দ এনামুল কবিরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

জানতে চাইলে মাদ্রাসার সুপার আবদুর রহিম বিষয়টি দুঃখজনক উল্লেখ করে বলেন, নবম শ্রেণিতে মেয়েটির রেজিস্ট্রেশন না হওয়ায় এমনটি হয়েছে। এ জন্য মাদ্রাসার অফিস সহকারী আবদুল গফুরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে শিক্ষা কর্মকর্তা তৈয়ব আলী গতকাল রাত সোয়া আটটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি জেনেছি। ওই শিক্ষার্থীর প্রবেশপত্র না আসার ব্যাপারে রোববার সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ইউএনও সৈয়দ এনামুল কবির ওই শিক্ষার্থীর বাবা সাত্তারের লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।