মাদ্রাসা থেকে শিবির সন্দেহে আটক ১১৯
খুলনার বসুপাড়া কবরস্থান এলাকার দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা থেকে শিবির সন্দেহে ১১৯ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে তাঁদের আটক করে সোনাডাঙ্গা থানায় নিয়ে যাওয়া হয়।
আটক ব্যক্তিদের মধ্যে মহানগর শিবিরের সভাপতি মিম মিরাজ হোসাইন ও সাহিত্য সম্পাদক মো. শাহদাৎ হোসেন এবং ওই মাদ্রাসার শিক্ষক মনিরুজ্জামান রয়েছেন।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ বলেন, নাশকতার জন্য শিবিরের লোকজন ওই মাদ্রাসায় গোপন বৈঠক করছেন, এমন সংবাদের ভিত্তিতে সিদ্দিকীয়া মাদ্রাসায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে মহানগর শিবিরের সভাপতি ও সাহিত্যবিষয়ক সম্পাদকসহ ১১৯ জনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে শতাধিক জিহাদি বই উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।
ওসি আরও বলেন, আটক ব্যক্তিরা সেখানে নবীনবরণ অনুষ্ঠান চলছিল বলে দাবি করেছেন। কিন্তু আটকের সময় মাদ্রাসা বন্ধ ছিল। তা ছাড়া তাঁরা নবীনবরণের সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
এলাকাবাসী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মাদ্রাসাটি মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে এর পরিচালনা পর্ষদের সভাপতি আছেন সাঈদীর মেজো ছেলে শামীম সাঈদী। কিন্তু মাদ্রাসায় কোনো রাজনীতি না করার জন্য সভাপতির নির্দেশ আছে বলে তাঁরা দাবি করেন। তবে ওই মাদ্রাসার অধ্যক্ষ ইদ্রিস আলীর যোগসাজশে গোপনে শিবিরের বিভিন্ন কর্মসূচি পালন করা হয় বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।
এ ব্যাপারে দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ইদ্রিস আলীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।
দৌলতপুর থেকে জামায়াতের রুকন গ্রেপ্তার: এদিকে বুধবার গভীর রাতে নগরের দৌলতপুর এলাকা থেকে জামায়াতের রুকন শেখ আবদুল ওয়াদুদ ও তাঁর স্ত্রী থানা মহিলা জামায়াতের রুকন জরিনা খন্দকারকে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানার পুলিশ।
ওই থানার ওসি শফিকুল ইসলাম জানান, জামায়াত-শিবির একত্র হয়ে নাশকতার জন্য গোপন বৈঠক করছে, এমন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে থানার দিয়ানা উত্তরপাড়ার শেখ আবদুল ওয়াদুদের বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। বাড়িটি থেকে প্রায় সাড়ে ৩০০ জিহাদি বই ও ২৪টি সিডি উদ্ধার করা হয়েছে।