মাদ্রাসা ফাঁকি দিয়ে জামায়াতের মিছিলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় মাদ্রাসার পাঠদান কার্যক্রম বাদ দিয়ে জামায়াতে ইসলামী সমর্থক কয়েকজন শিক্ষক হরতাল-অবরোধের সমর্থনে নিয়মিত রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। গত বুধবার সকালেও মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে কমপক্ষে আটজন মাদ্রাসা শিক্ষককে শনাক্ত করা গেছে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের উদ্যোগ নেওয়ার প্রতিবাদে বুধবার সারা দেশে হরতাল ডেকেছিল দলটি। ওই কর্মসূচি পালনে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বদরগঞ্জ পৌর শহরে উপজেলা জামায়াতের কার্যালয় থেকে মিছিল বের হয়। মিছিলের সামনে ছিলেন উপজেলার আশরাফগঞ্জ দ্বিমুখী দাখিল মাদ্রাসার শিক্ষক ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুল হান্নান ও কাজী আবু মুছা, লালবাড়ি দ্বিমুখী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক কাজী আবদুল মাবুদসহ বেশ কয়েকটি মাদ্রাসার শিক্ষক। মিছিলের মধ্যে ছিলেন আফতাবগঞ্জ দ্বিমুখী দাখিল মাদ্র্রাসার সহকারী শিক্ষক আবু সাঈদ, শফিকুল ইসলাম, নূর আলম, শাহ্জাহান আলী ও এম এ মতিন সরকার।
কয়েকজন শিক্ষক জানান, ৭ ডিসেম্বর মাদ্রাসাগুলোর বার্ষিক পরীক্ষা শেষ হয়। এখন মাদ্রাসায় চলছে দাখিল পরীক্ষার্থীদের কোচিং ক্লাস। এ জন্য অতিরিক্ত টাকাও নিয়েছেন শিক্ষকেরা। কোচিং ক্লাস ও পরীক্ষার খাতা দেখার কাজ সম্পন্ন করতে তাঁদের অবশ্যই সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত কর্মক্ষেত্রে থাকার কথা।
নাম প্রকাশে অনিচ্ছুক আফতাবগঞ্জ দ্বিমুখী দাখিল মাদ্রাসার একজন শিক্ষক বলেন, মাদ্রাসার অধিকাংশ শিক্ষক জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দলীয় কর্মসূচি থাকলেই তাঁরা ক্লাস ফাঁকি দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেন। এ কারণে শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।
জানতে চাইলে আবদুল মাবুদ বলেন, ‘বিষয়টাকে এভাবে দেখা ঠিক নয়। একজন নিরপরাধ লোককে (আবদুল কাদের মোল্লা) সরকার ফাঁসি দিচ্ছে। তার প্রতিবাদ করা উচিত।’ কাজী আবু মুছা বলেন, ‘মিছিলে তো মাঝে মাঝে যাই। বুধবারও মিছিল করার পর দুপুরে মাদ্রাসায় গিয়েছিলাম। এটা দোষের কিছু না।’ আবু সাঈদ, শফিকুল ইসলাম, এম এ মতিন সরকার ও শাহ্জাহান আলী এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। তাঁদের সহকর্মী নূর আলম বলেন, ‘রাজনীতি করার অধিকার সবার আছে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল হক বলেন, মাদ্রাসা ফাঁকি দিয়ে কোনো শিক্ষক রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারেন না।