মাদ্রাসা বোর্ডের গাফিলতি
নড়াইলের লোহাগড়া উপজেলায় ১৩টি দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সাত বিষয়ের ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা এক বিষয়ের বই এখনো পায়নি। এসব বই আদৌ পাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফলে অষ্টম শ্রেণীর ৯৫০ ও নবম শ্রেণীর ৯০০ জন শিক্ষার্থী বিপাকে পড়েছে।উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, অষ্টম শ্রেণীর কোরআন মজিদ ও তাজবিদ, ফিকাহ, আরবি প্রথম পত্র, ইংরেজি, সাধারণ গণিত, সামাজিক বিজ্ঞান ও কৃষি শিক্ষা এবং নবম শ্রেণীর আরবি প্রথম পত্র বই এখনো পাওয়া যায়নি। এ ব্যাপারে উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ ভূঁইয়া জানান, বোর্ড থেকে এনসিটিবিতে চাহিদা পাঠাতে ভুল করেছে, তাই এ সমস্যা হয়েছে। বই না আসায় গত ২ ডিসেম্বর বোর্ডের রেজিস্ট্রারকে চিঠি দেওয়া হয়েছে। এরপর রেজিস্ট্রার খুলনা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালককে চিঠি দিয়ে অন্য জেলা থেকে এসব বই এনে লোহাগড়ায় দেওয়ার জন্য চিঠি দিয়েছেন। এসব বই চেয়ে ১২টি মাদ্রাসার অধ্যক্ষরাও বোর্ড চেয়ারম্যানের কাছে আবেদন করেছেন।নড়াইল জেলা শিক্ষা কর্মকর্তা নরেশ চন্দ্র দাস বলেন, ‘অন্য জেলায় বই পাওয়া যায় কি না, আমরা তা খোঁজ করছি।’ খুলনা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক টি এম জাকির হোসেন বলেন, ইতিমধ্যে খুলনা বিভাগের জেলা শিক্ষা কর্মকর্তাদের নিয়ে এ বিষয়ে বৈঠক হয়েছে। তাঁরা বই দেওয়ার চেষ্টা করছেন। বই পেলে লোহাগড়ায় পাঠিয়ে দেওয়া হবে।