মাদ্রাসা মাঠে গড়ে ওঠা ইটভাটাকে জরিমানা
রাজবাড়ীর পাংশা উপজেলায় তারাপুর দাখিল মাদ্রাসা মাঠের একাংশজুড়ে গড়ে ওঠা ইটভাটার মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা গত সোমবার এই অভিযান পরিচালনা করেন।
‘মাদ্রাসা মাঠে ইটভাটা’ শিরোনামে গত সোমবার প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাঈদ আনোয়ার বলেন, প্রতিবেদনটি পড়ার পর বিষয়টি পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা রাশেদুর রহমানকে জানান। পরে গত সোমবার দুপুরে ইটভাটায় অভিযান চালানো হয়।
উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা বলেন, আদালত ইট প্রস্তুত ও ভাটা পরিচালনা (নিয়ন্ত্রণ) আইনে এএমবি ব্রিকস ভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইটভাটা সরিয়ে নিতে ছয় মাস সময় দেওয়া হয়েছে।
এএমবি ব্রিকস ইটভাটার মালিক রবিউল ইসলাম ছগির বলেন, ‘আমি ইটভাটা ব্যবসা বন্ধ করে দেব।’
১৯৮৭ সালে তারাপুর দাখিল মাদ্রাসা স্থাপিত হয়। শিক্ষাপ্রতিষ্ঠানটির মোট জমির পরিমাণ ১ একর ২১ শতাংশ। মাদ্রাসাটিতে বর্তমানে ২৭০ জন শিক্ষার্থী ও ১৬ জন শিক্ষক আছেন। মাদ্রাসার মাঠের ১৫ শতাংশ জমি ইজারা নিয়ে ইটভাটা গড়ে উঠেছে। অপরদিকে আইন লঙ্ঘন করে ইটভাটায় কয়লা বদলে কাঠ দিয়ে ইট পোড়ানো হতো।
একই দিন দুপুরে উপজেলার পুরান বাজার এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। সেখানে কে অ্যান্ড বি ব্রিকস ইটভাটার মালিক নাছির উদ্দিন খানকে কাঠ পোড়ানোর জন্য ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।