মাদ্রাসাশিক্ষকেরা আজ প্রতিমন্ত্রীকে স্মারকলিপি দেবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশন পাওয়া সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে ওই সব মাদ্রাসার শিক্ষকদের অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল শনিবার ষষ্ঠ দিনের মতো তাঁরা কর্মসূচি পালন করেছেন। বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে।

সমিতির মহাসচিব কাজী মোখলেছুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাননি। তাই কর্মসূচি চালিয়ে যাবেন। অবস্থান কর্মসূচির পাশাপাশি আজ বেলা ১১টার দিকে পদযাত্রা করে কারিগরি ও মাদ্রাসা বিভাগের নতুন প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর বরাবর স্মারকলিপি দেবেন।

আন্দোলনকারী শিক্ষকেরা বলছেন, সারা দেশে রেজিস্ট্রেশনকৃত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা ১৮ হাজার ১৯৪টি। তবে এখন চালু আছে ১০ হাজারের মতো। এগুলোতে মাদ্রাসাশিক্ষার প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। এসব মাদ্রাসায় শিক্ষক আছেন প্রায় ৫০ হাজার। এর মধ্যে ১ হাজার ৫১৯টি মাদ্রাসার ৬ হাজার ৬৭৬ জন শিক্ষক সরকার থেকে কিছু ভাতা পান। এর মধ্যে প্রধান শিক্ষকেরা মাসে আড়াই হাজার টাকা এবং সহকারী শিক্ষকেরা পান ২ হাজার ৩০০ টাকা। অন্যরা সরকার থেকে কোনো বেতন-ভাতা পান না। সরকার থেকে বেতন-ভাতা না পাওয়ায় তাঁদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। এ জন্য তাঁরা দাবি করছেন রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে যেভাবে সরকারি করা হয়েছে, তাঁদেরও সেভাবে জাতীয়করণ করতে হবে।

বছরের শুরুতে ১ জানুয়ারি থেকে মাদ্রাসাশিক্ষকেরা লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন। তাঁরা ঘোষণা দিয়েছেন এবার দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন।