মাদ্রাসা শিক্ষার উন্নয়নে বরাদ্দ ১০১ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদ্রাসা শিক্ষার উন্নয়নে প্রায় ১০১ কোটি টাকার একটি প্রকল্প নিয়েছে সরকার। ‘বাংলাদেশের নির্বাচিত মাদ্রাসাসমূহের শিক্ষার পরিবেশ উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় ৯৫টি নির্বাচিত মাদ্রাসায় এই অর্থ ব্যয় করা হবে।গতকাল মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা। প্রকল্পের আওতায় নির্বাচিত মাদ্রাসায় একাডেমিক ভবন নির্মাণ করা হবে। এসব মাদ্রাসার শিক্ষকদের ইংরেজি, আরবি ও তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। প্রকল্পটি বাস্তবায়নে ৮৪ কোটি টাকা দেবে ইসলামিক উন্নয়ন ব্যাংক (আইডিবি)। বাকি অর্থ সরকারের তহবিল থেকে জোগান দেওয়া হবে।এ প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে আসছে। এর আগে অনেকে এই শিক্ষা নিয়ে রাজনীতি করলেও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের প্রকৃত কল্যাণে কাজ করেনি। এ প্রসঙ্গে বর্তমান সরকারের সময়ে বিভিন্ন মাদ্রাসার অবকাঠামো নির্মাণ, মাদ্রাসা শিক্ষার পাঠ্যক্রম আধুনিকায়ন, মাদ্রাসার শিক্ষকদের বেতন বৈষম্য নিরসন, সম্প্রতি মাদ্রাসায় স্নাতক (সম্মান) কোর্স চালু, আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথা উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।মাদ্রাসার এই প্রকল্পসহ গতকালের একনেক সভায় অনুমোদিত আটটি প্রকল্পে ব্যয় হবে নয় হাজার ৪৯৮ কোটি টাকা। প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ১৫৩ কোটি টাকার সিলেট সিটি করপোরেশনের অনুন্নত এলাকার রাস্তা, ড্রেন ও কালভার্ট নির্মাণ প্রকল্প, পাঁচ হাজার ২৪২ কোটি টাকা ব্যয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুেকন্দ্র নির্মাণ প্রকল্প (প্রথম পর্যায়), দুই হাজার ৮৪৪ কোটি টাকার শাহজিবাজার ৩০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট নির্মাণ প্রকল্প, ২৩১ কোটি টাকার ঢাকা মহানগরে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও ছয়টি মহাবিদ্যালয় (সরকারি) স্থাপন (১ম সংশোধিত) প্রকল্প। প্রকল্পগুলো সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন পরিকল্পনা কমিশনের একনেক অনুবিভাগের প্রধান এনায়েত হোসেন।