মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে এবার চাঁদাবাজির মামলা
গোপালগঞ্জের পূর্ব-উত্তর কোটালীপাড়া দারুচ্ছুন্নাৎ সালেহিয়া ফাজিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম হুমায়ূন কবিরের বিরুদ্ধে এবার চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে।
গত মঙ্গলবার ওই মাদ্রাসার অধ্যক্ষের স্ত্রী ফাতেমা বেগম আমলি আদালতে এ মামলা করেন।
বাদী পক্ষের আইনজীবী রোখসানা খানম বলেন, আদালতের বিচারিক হাকিম শংকর কুমার বিশ্বাস মামলাটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ওপর তদন্তের ভার ন্যস্ত করেছেন। মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ১৬ মার্চ ধার্য করা হয়েছে। মামলায় এইচ এম হুমায়ূন কবির ছাড়াও ওই মাদ্রাসার উপাধ্যক্ষ মো. শিহাব উদ্দিনকে আসামি করা হয়েছে।
এর আগে ২ ফেব্রুয়ারি কোটালীপাড়া সহকারী জজ আদালতে সনদ জালিয়াতির অভিযোগে একটি মামলা করেন ওই মাদ্রাসার অধ্যক্ষ মো. আনওয়ার হোসেন খান।
মামলার এজাহারে বলা হয়, ১ নম্বর আসামি (এইচ এম হুমায়ূন কবির) ৩ ফেব্রুয়ারিসহ বিভিন্ন সময়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি দিয়ে বলেন, ‘তোর স্বামীর চাকরি রক্ষা করতে হলে পাঁচ লাখ টাকা দিতে হবে। নতুবা কোটালীপাড়া ছেড়ে চলে যাবি।’
এইচ এম হুমায়ূন কবির বলেন, ‘এ মামলায় আমার কিছুই হবে না।’ এসব মামলার পেছনে তাঁর প্রতিপক্ষের ইন্ধন আছে বলে মনে করেন তিনি।
৫ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘জাল সনদ দিয়ে মাদ্রাসার সভাপতি আ.লীগ নেতা!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।