মাদ্রাসা সুপার আত্মগোপনে শিশুদের পড়া শিকেয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুটি দাখিল মাদ্রাসার সুপার ১৬ দিন ধরে মাদ্রাসায় আসছেন না। তাঁর বিরুদ্ধে অপহরণের মামলা করায় তিনি আত্মগোপন করে আছেন। এ কারণে মাদ্রাসার শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, হাড়িয়ারকুটি দাখিল মাদ্রাসার সুপার আতাউর রহমান (৩৮) এক শিক্ষিকাকে প্রায়ই কুপ্রস্তাব দিতেন। এতে রাজি না হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। গত ১৮ মার্চ বিকেলে ওই শিক্ষিকা মাদ্রাসা থেকে নিজ বাড়ি ফেরার পথে তারাগঞ্জ-বদরগঞ্জ সড়কের চুরচুরীর পাতা এলাকা থেকে সুপারসহ পাঁচ ব্যক্তি তাঁকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। এ ঘটনায় ওই শিক্ষিকার স্বামী পরের দিন সুপারসহ পাঁচজনের বিরুদ্ধে তারাগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় মাদ্রাসায় গিয়ে সুপারকে পাওয়া যায়নি। তাঁর কার্যালয়ে তালা ঝুলছে। ওই মাদ্রাসার সহকারী শিক্ষক হাসিবুর রহমান ও তোছাদ্দেক আলী জানান, ১৬ দিন ধরে সুপার মাদ্রাসায় অনুপস্থিত থাকায় শিক্ষা কার্যক্রমসহ মাদ্রাসা পরিচালনায় নানা সমস্যা হচ্ছে।
কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, ১০-১২ দিন ধরে শিক্ষকেরাও ঠিকমতো ক্লাস নিচ্ছেন না।
মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহাবুল হোসেন বলেন, ‘সুপার অনুপস্থিত থাকায় অন্য শিক্ষকেরাও ঠিকমতো দায়িত্ব পালন করছেন না। এতে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। খুব শিগগির আমরা বিধিমোতাবেক তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।’
জানতে চাইলে সুপার আতাউর রহমান বলেন, ‘ভাই, সমস্যায় পড়েছি, পুলিশের ভয়ে মাদ্রাসায় যাচ্ছি না। এখন ব্যস্ত, পুরো ঘটনা সাক্ষাতে বলব।’
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, গতকাল পর্যন্ত ওই শিক্ষিকার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় ওই সুপারের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।