মাদ্রাসা সুপারের বাড়ি থেকে তিন শতাধিক বই জব্দ
বরগুনার পাথরঘাটা উপজেলার শিংড়াবুনিয়া উজির আলী দাখিল মাদ্রাসায় গত দেড় মাসেও সব পাঠ্যবই বিতরণ করা হয়নি। এ অভিযোগে মাদ্রাসা সুপার আলতাফ হোসেনের বাড়িতে গত রোববার অভিযান চালিয়ে তিন শতাধিক বই জব্দ করা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপস্থিত থেকে হাজিরা খাতায় সই করারও অভিযোগ উঠেছে।
ওই মাদ্রাসা সূত্রে জানা গেছে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম পুলিশ নিয়ে গত রোববার মাদ্রাসার সুপার আলতাফের বাড়িতে অভিযান চালান। এ সময় তৃতীয় থেকে নবম শ্রেণির তিন শতাধিক বই জব্দ করা হয়।
এ ব্যাপারে মোস্তফা আলম বলেন, এ ঘটনায় আলতাফ হোসেনকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে জানতে আলতাফ হোসেনের মুঠোফোনে ফোন দিলেও তিনি তা ধরেননি। তাঁর স্ত্রী মাসুদা বেগম বলেন, বইগুলো শিক্ষার্থীদের জন্য আনা হয়েছে। তবে তা বাড়িতে রেখে বিতরণ করা হচ্ছে। মাদ্রাসায় অনুপস্থিতের বিষয়টি তিনি অস্বীকার করেন। এ ব্যাপারে ইউএনও শাহ মো. কামরুল হুদা গতকাল মঙ্গলবার বলেন, এ ঘটনায় মাধ্যমিক কর্মকর্তা বই জব্দ করে মাদ্রাসা সুপারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।