মাদ্রাসা সুপারের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার নাঙ্গলকোটে একটি মহিলা মাদ্রাসার সুপারের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার ওই ছাত্রীর বাবা মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতির কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন। স্থানীয় প্রশাসনের কাছেও লিখিত অভিযোগের অনুলিপি দেওয়া হয়েছে।মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. হুমায়ুন কবির মজুমদার অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ মঙ্গলবার সকাল ১০টায় মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা আহ্বান করা হয়েছে। সভায় এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।অভিযোগ থেকে জানা যায়, গত রোববার উপজেলার রায়কোট ইউনিয়নের এক মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবু ইউসুফ ওই মাদ্রাসার নবম শ্রেণীর এক ছাত্রীকে তাঁর বাড়িতে আসতে বলেন। ওই ছাত্রী সুপারের বাড়িতে গেলে সুপার তাকে একটি কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় সে চিত্কার দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। পরে ওই ছাত্রী তার অভিভাবকের কাছে ঘটনাটি জানায়।পরে ছাত্রীর বাবা এই ঘটনায় বিচার চেয়ে সুপারের বিরুদ্ধে মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতির কাছে লিখিত অভিযোগ করেন। উপজেলার রায়কোট ইউপির চেয়ারম্যান জাফর আহমেদ মজুমদার লিখিত অভিযোগের অনুলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এটি অত্যন্ত ঘৃণিত কাজ এবং শাস্তিযোগ্য অপরাধ। তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার একাধিক ব্যক্তি জানান, ওই মাদ্রাসা সুপার এর আগেও এমন একাধিক ঘটনা ঘটিয়েছেন।মাদ্রাসার সুপার মাওলানা আবু ইউসুফ মুঠোফোনে প্রথম আলোকে জানান, ওই ছাত্রী তাঁকে একটি সমস্যার কথা জানালে তিনি তাকে দেখা করতে বলেন এবং ছাত্রীটি তাঁর সঙ্গে দেখা করেন। এর বেশি কিছু নয়।