মাদ্রাসা সুপারের মুক্তির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার হারজী নলবুনিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার নূরুল ইসলামকে (৫৫) যৌন নিপীড়ন মামলায় গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে মঠবাড়িয়া-মিরুখালী সড়কে স্থানীয় ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক মানববন্ধনে অংশ নেন।
গতকাল মানববন্ধন শেষে মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন খায়ের ঘটিচোরা দাখিল মাদ্রাসার সুপার আবদুর রহমান, নূর আলা নূর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার রুহুল আমীন, মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক রোকনুজ্জামান শরীফ প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের জেরে নূরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তাঁকে মুক্তি দেওয়া না হলে লাগাতার কর্মসূচি দেওয়া হবে।
মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ কে এম সেলিম মিয়া বলেন, এ ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জমি নিয়ে বিরোধের জের ধরে সুপার নূরুল ইসলামকে হয়রানি করতে মামলা দেওয়া হয়েছে।
মামলার বাদী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘জমি নিয়ে বিরোধ নয়, আমার ছেলেকে যৌন নিপীড়ন করায় মামলা করেছি।’
গত ২৭ মার্চ চতুর্থ শ্রেণির এক ছাত্রকে (১২) যৌন নিপীড়নের অভিযোগে নূরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। ২৪ মার্চ ওই ছাত্রকে মাদ্রাসার একটি কক্ষে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করার অভিযোগে ২৬ মার্চ রাতে মামলা করা হয়।