সনদ জালিয়াতি করে বিরামপুরের শালবাগান বালিকা দাখিল মাদ্রাসায় সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন আবদুল আউয়াল।অনুসন্ধানে দেখা গেছে, আউয়াল ১৯৮২ সালে বিরামপুরের বিজুল দারুল হুদা সিনিয়র মাদ্রাসা থেকে তৃতীয় বিভাগে দাখিল এবং ১৯৮৪ সালে তৃতীয় বিভাগে আলিম পাস করেন। মাদ্রাসা থেকে সরবরাহকৃত টেব্যুলেশন শিট অনুযায়ী আলিম পরীক্ষায় আউয়ালের প্রাপ্ত নম্বর ৪১৪। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হাকিম ১৯৮৪ সালে ওই মাদ্রাসা থেকে আউয়ালের তৃতীয় বিভাগে আলিম পাস করার কথা স্বীকার করেছেন।শালবাগান বালিকা দাখিল মাদ্রাসা সূত্রে জানা গেছে, ২০০০ সালের ৭ জানুয়ারি আউয়াল ওই মাদ্রাসায় সুপার পদে যোগ দেন। চাকরিতে আবেদনের সময় তিনি দ্বিতীয় বিভাগে আলিম পাসের সনদপত্র জমা দিয়েছেন। তৃতীয় বিভাগের আসল সনদ ফটোকপি করার সময় কৌশলে দ্বিতীয় বিভাগ করে তা জমা দিয়েছেন।জেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, যেহেতু আউয়াল দাখিল ও আলিম পরীক্ষায় তৃতীয় বিভাগ পেয়েছিলেন, সেহেতু ওই সময় সুপার পদে তাঁর আবেদনের যোগ্যতা ছিল না। এ কারণে চাকরি পেতে তিনি আলিম পরীক্ষার সনদ জালিয়াতি করেন।জানতে চাইলে বিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম নকিবুল হাসান এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।শালবাগান মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আহসান হাবীব বলেন, সুপার আবদুল আউয়ালের বিরুদ্ধে জালিয়াতির বহু অভিযোগ পাওয়া গেছে। সই জালিয়াতিসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। আউয়াল বলেন, একটি মহল তাঁর বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। কিন্তু তারা সফল হতে পারবে না। ১৯৮৪ সালে বিজুল মাদ্রাসা থেকে দ্বিতীয় বিভাগে আলিম পাস করেছেন বলে দাবি করেন তিনি।গত ২৯ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘বিরামপুরে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ’ শীর্ষক খবর ছাপা হয়।