মাদ্রাসাছাত্র ঐক্য পরিষদের মিছিল ছত্রভঙ্গ, আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসাশিক্ষার্থীদের ভর্তিতে বৈষম্যমূলক শর্ত বাতিলের দাবিতে গতকাল শুক্রবার মাদ্রাসাছাত্র ঐক্য পরিষদ নামের একটি সংগঠনের মিছিল পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে। এ সময় সংগঠনটির পাঁচজনকে আটক করা হয়।পুলিশের দাবি, আটক হওয়া পাঁচজন ইসলামী ছাত্রশিবিরের কর্মী।পল্টন থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, বিকেল চারটার দিকে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মাদ্রাসাছাত্র ঐক্য পরিষদ একটি মিছিল বের করে। মিছিলে ২৫০ জনের মতো নেতা-কর্মী ছিলেন। তাঁরা শর্ত বাতিলের দাবিতে ও সরকারবিরোধী স্লোগান দিয়ে সড়কে এসে যানবাহন ভাঙচুর শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিপেটা করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। ভাঙচুরের অভিযোগে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়। তাঁরা হলেন: মহিউদ্দিন (২৫), রফিকুল ইসলাম (২৫), মাজেদুল ইসলাম (১৭), হাবিবুর রহমান (২৪) ও সালাউদ্দিন (২৩)। তাঁরা শিবিরের কর্মী।উপপরিদর্শক রফিকুল বলেন, আটক পাঁচজনের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।এদিকে মাদ্রাসাছাত্র ঐক্য পরিষদ এক বিবৃতিতে মিছিলে পুলিশি হামলা ও নেতা-কর্মীদের আটকের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ভর্তিবৈষম্য দূর না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।