মাদ্রাসাছাত্রকে নির্যাতনকারী তিন শিক্ষক জেলহাজতে
দিনাজপুরে নয় বছর বয়সী মাদ্রাসাছাত্র আবু সাঈদকে অমানুষিকভাবে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগে আটক তিন শিক্ষককে আজ বুধবার জেল হাজতে পাঠিয়েছেন আদালত। মাদ্রাসা কর্তৃপক্ষ এই তিন শিক্ষকসহ পাঁচজনকে চাকরিচ্যুত করেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেকুজ্জামান বলেন, সাঈদের বাবা মো. হাসান আলী বাদী হয়ে গতকাল মঙ্গলবার থানায় মামলা করেন। মামলায় তিনি সদর উপজেলার কমলপুর নূরানী তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার তিন শিক্ষক হাফেজ মো. শরিফুল ইসলাম, হাফেজ মো. রেজাউল ইসলাম ও মাওলানা মো. রিয়াজুল ইসলামকে আসামি করেন। গতকালই তাঁদের আটক করা হয়। এই মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আজ সকালে দিনাজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তোলা হয়। আদালতে তাঁদের পক্ষে জামিনের আবেদন জানানো হয়। আদালত তা নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠান।
মাদ্রাসাটির পরিচালনা কমিটির সদস্য মো. জবেদ আলী প্রথম আলোকে জানান, শিশু নির্যাতনের ঘটনায় এই তিন শিক্ষকসহ পাঁচজনকে চাকরিচ্যুত করা হয়েছে। নির্যাতনের ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষককে এবং দায়িত্বে অবহেলা ও ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগে মাদ্রাসার মুহতামিম হাফেজ মো. গোলাম মোস্তফা ও শিক্ষক হাফেজ মো. সাজ্জাদুর রহমানকেও চাকরিচ্যুত করা হয়েছে।
মাদ্রাসার সভাপতি ও কমলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, ঘটনাটি জানার পর গত সোমবার মাদ্রাসা পরিচালনা কমিটির এক জরুরি সভা হয়। ঘটনা তদন্ত করতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ২৪ ঘণ্টার মধ্যে কমিটি প্রতিবেদন দেয়। প্রতিবেদন পাওয়ার পর গতকাল সন্ধ্যায় মাদ্রাসা প্রাঙ্গণে এলাকাবাসী ও অভিভাবকের উপস্থিতিতে মাদ্রাসা পরিচালনা কমিটি পাঁচ শিক্ষককে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত জানায়।
গত শুক্রবার আবু সাঈদকে টাকা চোর সন্দেহে মাদ্রাসাটির তিনজন শিক্ষক হাত-পা বেঁধে পিটিয়ে আহত করেন। ঘটনাটি জানাজানি হলে নির্যাতনের শিকার শিশুর পরিবারের সদস্যসহ এলাকার সর্বস্তরের মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। আহত শিশুটিকে সোমবার সন্ধ্যায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন।
আর ও পড়ুন :–