মাদ্রাসাছাত্রকে হত্যার দায়ে সহপাঠীর ফাঁসি
সিলেট নগরের একটি ছাত্রাবাসে খুন হওয়া মাদ্রাসাছাত্র আমির আব্বাস (১৮) হত্যা মামলার রায়ে তাঁর এক সহপাঠীর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আকবর হোসেন মৃধা এ রায় দেন।
দণ্ড পাওয়া ব্যক্তির নাম শাহ সাইফুর রহমান (২২)। তিনি ওই মামলার একমাত্র আসামি। সাইফুর সিলেটের ওসমানীনগরের গলমুকাপন এলাকার বাসিন্দা। ২০১২ সালের ২৫ জুন ওই হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক রয়েছেন।
রায়ের সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, সিলেট নগরে হজরত শাহজালাল (রহ.)-এর দরগাহ এলাকায় ‘মাদ্রাসায়ে ক্কাসিমুল উলুম’-এর ছাত্রাবাসের একটি কক্ষে হিফজ বিভাগের ছাত্র আমির আব্বাসকে গলা কেটে হত্যা করা হয়। তাঁর বাড়ি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ভাদেরটেক গ্রামে। বাবা আবদুস সালাম। আমির আব্বাস ছাত্রাবাসের একই কক্ষে সহপাঠী শাহ সাইফুর রহমানের সঙ্গে থাকতেন। সাইফুর ভোররাতে আমির আব্বাসকে ঘুমন্ত অবস্থায় ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যান। এ ঘটনায় ওই দিনই সাইফুরকে একমাত্র আসামি করে আমির আব্বাসের বাবা সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ সাইফুরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়। আদালত ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রায় দেন।
আবদুস সালাম বলেন, ‘রায়ে আমি সন্তুষ্ট। পলাতক আসামিকে গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমার বিশেষ অনুরোধ রইল।’