মাদ্রাসাছাত্রকে হত্যার দায়ে একজনের ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদীতে মাদ্রাসাছাত্র মাহফুজ আহমেদ (১৬) হত্যা মামলায় একজনের ফাঁসি ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয়েছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

আজ মঙ্গলবার দুপুরে নরসিংদীর জেলা ও দায়রা জজ বেগম ফাতেমা নজিব এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন মনোহরদী উপজেলার কাহেতেরগাঁও গ্রামের ফরিদ মিয়া (৫০)। একই এলাকার জাকির হোসেন ওরফে বাবুল (২০), সিয়াম মিয়া ওরফে বাবু (১৬), তৌহিদ মিয়া (১৮), মোস্তফা হোসেন (৪৫), সানাউল্লাহ মিয়া (১৮), দুলাল মিয়া (২৫) ও জয়নাল মিয়াকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, মাদক ব্যবসায় বাধা দেওয়ার জেরে ২০১১ সালের ১০ নভেম্বর সন্ধ্যায় মনোহরদী উপজেলার কাহেতেরগাঁও গ্রামের সাত্তার মিয়ার ছেলে ও বড়চাপা করম আলী সিনিয়র দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী মাহফুজ আহমেদকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় পরের দিন নিহতের বাবা বাদী হয়ে একই এলাকার ফরিদ মিয়াকে প্রধান আসামি করে আটজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।

বাদী পক্ষের আইনজীবী ও নরসিংদী জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ন ম রহুল আমিন প্রথম আলোকে বলেন, মাহফুজ তাঁর বাবা-মায়ের একমাত্র সন্তান। আদালতের রায়ে নিহতের পরিবার সন্তুষ্ট।