মাদ্রাসাছাত্রসহ ছয় জেলায় নিহত আটজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর, কক্সবাজারের রামু, বরগুনার আমতলী, গোপালগঞ্জের মুকসুদপুর, কুষ্টিয়ার মিরপুর ও ফেনীতে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রসহ আটজন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:মির্জাপুর (টাঙ্গাইল): ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার পোস্টকামুরী চরপাড়ায় গতকাল বেলা সাড়ে ১১টার দিকে মাইক্রোবাসের ধাক্কায় একটি টেম্পো ছিটকে খাদে পড়ে। এতে উপজেলা সদরের বাইমহাটি গ্রামের শম্পা আক্তারসহ (২৫) অজ্ঞাত আরও দুজন নিহত হয়।রামু (কক্সবাজার): কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া ঢালায় শুক্রবার বিকেলে মিনিবাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলির চালক শাহাব উদ্দিন (২৩) ঘটনাস্থলে নিহত হয়েছেন।আমতলী (বরগুনা): আমতলী-কলাপাড়া সড়কের ছুরিকাটা এলাকায় গতকাল সকাল ১১টার দিকে সড়ক পার হওয়ার সময় নছিমনের চাকায় পিষ্ট হয়ে বশীর (১৪) মারা গেছে। সে আমতলী পৌর শহরের ছুরিকাটা পাড়ার জয়নাল আবেদীনের ছেলে।গোপালগঞ্জ: শুক্রবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার কদমপুরে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় মাদ্রাসার ছাত্র সাকিল (১২) নিহত হয়েছে।কুষ্টিয়া: কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের মিরপুর উপজেলার সদরপুর মাদ্রাসা এলাকায় শুক্রবার সকাল সাতটার দিকে কুষ্টিয়াগামী একটি ট্রাক উল্টে জামাল উদ্দিন (৪০) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন।ফেনী: শুক্রবার সকালে চট্টগ্রাম যাওয়ার পথে একটি ট্রাক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাসের ফাজিলপুর আলীনগর রাস্তার মাথায় বিকল হয়ে পড়ে। চালক মো. জাহাঙ্গীর আলম (৫০) ট্রাকের নীচে গিয়ে মেরামতের কাজ শুরু করেন। এ সময় আরেকটি দ্রুতগামী ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে নিজ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চালক ঘটনাস্থলে মারা যান। তাঁর বাড়ি চট্টগ্রামের চাঁদগাঁও থানার রাঙ্গামাটিয়া এলাকায়।