মাদ্রাসাছাত্রসহ বিভিন্ন স্থানে চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার একজন ছাত্র নিহত হয়েছে। এ ছাড়া কুমিল্লার দাউদকান্দি, সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং নীলফামারীতে গত রোববার সড়ক দুর্ঘটনায় আরও তিনজন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: চাঁপাইনবাবগঞ্জ: নাচোল উপজেলার নেজামপুরে সোমবার বেলা ১১টার দিকে ট্রাকের ধাক্কায় ইউনুস আলী (১০) নামের এক মাদ্রসাছাত্র নিহত হয়েছে। সে নেজামপুর দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র এবং জগদইল গ্রামের তফিজুদ্দীনের ছেলে। এ ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থীরা চাঁপাইনবাবগঞ্জ-নাচোল মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে।পরে বেলা ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দাউদকান্দি (কুমিল্লা): দাউদকান্দি উপজেলার নতুন বাজার-মালিগাঁও সড়কের কালাসোনা নামক স্থানে রোববার রাত আটটার দিকে একটি ইঞ্জিনচালিত ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক কবির (৩০) নিহত হন। উল্লাপাড়া (সিরাজগঞ্জ): বগুড়া-নগরবাড়ী মহাসড়কে উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া বাজারের পাশে গত রোববার রাত ১২টার দিকে একটি বাস একটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানের এক পুরুষ যাত্রী রাস্তায় ছিটকে পড়েন। বাসের চাপায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। তাঁর পরিচয় জানা যায়নি। নীলফামারী: নীলফামারী-সৈয়দপুর সড়কের মৎস্য ভবনের সামনে রোববার সন্ধ্যার দিকে একটি বাস আলাউদ্দিন (৫০) নামের এক ব্যক্তিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের জরিপকারক আলাউদ্দিন অফিস ছুটির পর হেঁটে নিজ বাসায় ফিরছিলেন।নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেড এম আসাদুজ্জামান জানান, নিহত আলাউদ্দিনের বাড়ি পাবনার বেড়া উপজেলার বেতবাড়িয়া গ্রামে।