মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
বগুড়ায় এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলার রায়ে একজনকে যাবজ্জীবন, ৭৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দেড় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক আবদুল মান্নান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর কানচপাড়া গ্রামের আবুল বাশার (৩৪)। তিনি বর্তমানে নওগাঁ শহরের দুর্বালহালি এলাকার বাসিন্দা।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১৫ অক্টোবর বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া আল হেবরাতুল কোরানিয়া মহিলা মাদ্রাসার এক ছাত্রীকে অপহরণ করে নওগাঁ শহরের একটি আবাসিক হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। এ ঘটনায় মেয়েটির বাবা দুপচাঁচিয়া থানায় আবুল বাশারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আবুল বাশারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নরেশ মুখার্জি বলেন, অপহরণের দায়ে আদালত আসামির ১৪ বছরের দণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের দণ্ড দেন। এ ছাড়া ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেন।