মাদ্রাসাছাত্রীকে অপহরণের ১৩ ঘণ্টা পর উদ্ধার, গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার ফাজিলপুর থেকে এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের ১৩ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ভাটিয়ারী বিএমএ গেট থেকে তাকে উদ্ধার করা হয়। পুলিশ অপহরণের কাজে ব্যবহূত একটি অ্যাম্বুলেন্স উদ্ধার ও পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফেনী থানায় মামলা করেছে। পুলিশ ও এলাকাবাসী জানান, বুধবার সকালে স্থানীয় বখাটে যুবক আলাউদ্দিনের নেতৃত্বে দুর্বৃত্তরা ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামে অবস্থিত নিজ বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে এক ছাত্রীকে জোর করে একটি অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যায়। সে স্থানীয় শিবপুর উলুম মুমীনিন মহিলা দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী। একই গ্রামের অহিদুর রহমানের ছেলে মো. আলাউদ্দিন প্রায়ই ওই ছাত্রীকে মাদ্রাসায় যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতেন। খবর পেয়ে বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মনির হোসেনের নেতৃত্বে পুলিশ আশপাশের সব থানা ও ফাঁড়িতে খবর দেয়। রাত সাড়ে নয়টায় বিএমএ গেটে অ্যাম্বুলেন্স থেকে ওই ছাত্রীকে উদ্ধার এবং একজন নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: মো. আলাউদ্দিন (২৩), নাফিস উদ্দিন মাহমুদ (২২), আবদুল কাদের (৩৯), জান্নাতারা বেগম ঝর্ণা (তাঁকে নার্স সাজানো হয়েছিল) ও অ্যাম্বুলেন্স-চালক আবু তৈয়ব (৪২)। গতকাল বৃহস্পতিবার তাঁদের ফেনীর বিচারিক আদালতে পাঠিয়ে প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে রিমান্ড চাওয়া হয়। রিমান্ড বিষয়ে শুনানির তারিখ রোববার নির্ধারণ করা হয়েছে। বোগদাদিয়া ফাঁড়ির ইনচার্জ মো. মনির হোসেন ছাত্রী অপহরণের ঘটনায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।