মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, আটক ১
নোয়াখালীর সেনবাগের কাবিলপুর ইউনিয়নে এক মাদ্রাসাছাত্রীকে (১৯) ধর্ষণ ও কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন অচেতন অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে গতকাল রোববার সকালে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুমন (২৫) নামের এক যুবককে হাসপাতাল চত্বর থেকে দুপুরে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাবিলপুর ইউনিয়নে ওই ছাত্রীর মামা মো. সোলেমানের কোনো সন্তান না থাকায় ওই ছাত্রী শিশুকাল থেকেই মামার বাড়িতে দত্তক হিসেবে বসবাস করতেন। শনিবার ছাত্রীর মামা স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে যান। এ সুযোগে রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে ছাত্রীকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করে মৃত ভেবে পালিয়ে যায়।
এরপর গতকাল সকালে অনেক বেলা হওয়ার পরও ঘুম থেকে না ওঠায় প্রতিবেশীরা এসে ভেতরে ওই ছাত্রীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার শিকার ওই ছাত্রী বেগমগঞ্জ উপজেলার একটি ফাজিল মাদ্রাসায় লেখাপড়া করেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী সাখাওয়াত হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মেয়েটির এখনো পুরোপুরি জ্ঞান ফেরেনি। তাই ধর্ষণ করেছে কি না তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে যেভাবে মেয়েটির মাথায় কোপানো হয়েছে, তা নজিরবিহীন। ঘটনাটির যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’