মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে দুবার যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে দুবার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই মামলায় অন্য তিন আসামিকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা সবাই পলাতক। ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত জামাল উদ্দিনকে দুবার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া তাঁকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই মামলায় জামালের ছোট ভাই কামাল উদ্দিন, ভগ্নিপতি দুলাল ও জামালের বন্ধু ইসমাইলকে ১৪ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এই মামলায় জামালের বোন মেহেরুন্নেছাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) চন্দন তালুকদার প্রথম আলোকে বলেন, ‘ধর্ষণ ও অপহরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় জামালকে দুবার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁকে ৩০ বছর করে মোট ৬০ বছর কারাভোগ করতে হবে। একটির সাজার পর অন্যটির সাজা খাটতে হবে।’ আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৬ সালের ২৭ জুন বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের মতিন্যারপুল এলাকা থেকে এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে দুর্বৃত্তরা। ওই ছাত্রী স্থানীয় ছনুয়া কুতুবখালী হোসাইনিয়া মাদ্রাসার সপ্তম শ্রেণীতে পড়ত। ওই ছাত্রীকে নগরের চাক্তাই এলাকার একটি কক্ষে চার দিন আটকে রেখে ধর্ষণ করা হয়। পরে ওই ছাত্রীর স্বজনেরা গিয়ে তাকে উদ্ধার করেন। একই বছরের ২ জুলাই ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ছয়জনকে আসামি করে বাঁশখালী থানায় মামলা করেন। আসামিদের মধ্যে জামালের বোন নুরুন্নেছা মামলার বিচারকাজ চলাকালে মারা যান। তাই তাঁর নাম আসামির তালিকা থেকে বাদ দেওয়া হয়। ২০০৬ সালের ২৮ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০০৭ সালের ২২ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলার ১৭ জন সাক্ষীর মধ্যে মোট আটজনের সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল আদালত ওই রায় দেন।