মাদ্রাসাছাত্রীকে হত্যার দায়ে তিনজনের ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণে ব্যর্থ হয়ে এক মাদ্রাসাছাত্রীকে হত্যার দায়ে কিশোরগঞ্জে তিন যুবককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আ ম ম সাঈদ গত বুধবার বিকেলে এই রায় দেন।
মৃত্যুদণ্ড পাওয়া তিন যুবক হলেন হোসেন্দি পূর্বপাড়া গ্রামের রফিকুল ইসলাম ওরফে রুবেল (২৮), আল মামুন (২৯) ও আবদুল মোমেন ওরফে রবিন (২৮)। রায় ঘোষণার সময় তাঁরা উপস্থিত ছিলেন।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২৮ মার্চ রাত আটটায় পাকুন্দিয়া উপজেলার হোসেন্দি পূর্বপাড়া গ্রামের সামছুল হকের মেয়ে ও হোসেন্দি দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী নাদিরা আক্তার (১৪) পাশের বাড়ি যাচ্ছিল। ওই সময় আসামিরা তাকে উঠিয়ে পাশের একটি বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। ধর্ষণ করতে না পারায় তাঁরা তাকে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনার পরদিন নাদিরার বড় ভাই রুনু মিয়া বাদী হয়ে পাকুন্দিয়া থানায় হত্যা মামলা করেন। আদালত সূত্রে আরও জানা গেছে, আসামিদের মধ্যে রুবেল ও মামুন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে চলতি বছরের ৩১ মার্চ বিচারিক হাকিমের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। দোষী সাব্যস্ত হওয়ায় জেলা ও দায়রা জজ গত বুধবার ফাঁসিতে ঝুলিয়ে রুবেল, মামুন ও মোমেনের মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন।