মাদ্রাসাছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদে বিক্ষাভ
মৌলভীবাজারের কমলগঞ্জের সফাত আলী সিনিয়র দাখিল মাদ্রাসায় ছাত্রীদের উত্ত্যক্ত করার ঘটনার প্রতিবাদে এবং এই ঘটনায় জড়িত বখাটেদের বিচার ও মাদ্রাসায় বখাটেদের অনুপ্রবেশ বন্ধ করার দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সভা করেছে। গতকাল শনিবার উপজেলা শহরের চৌমুহনী ময়না চত্বরে ওই সভা হয়।
সভায় বক্তারা বলেন, কয়েক দিন ধরে মাদ্রাসায় বহিরাগত দুর্বৃত্তদের দৌরাত্ম্য বেড়ে গেছে। গত বৃহস্পতিবার মাদ্রাসায় যাওয়া-আসার পথে তিন ছাত্রীকে বখাটেরা উত্ত্যক্ত করে। এ ঘটনার প্রতিবাদ করায় বখাটেরা এক ছাত্রকে মারধর করে। কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ এর কোনো প্রতিকার না করায় তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছে।
পরে মিছিল নিয়ে মাদ্রাসার দুই শতাধিক শিক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যায়। ইউএনও সফিকুল ইসলাম এ সময় বাইরে থাকায় মুঠোফোনে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি শিক্ষার্থীদের বিষয়টি পুলিশকে জানানোর জন্য বলেন। পরে শিক্ষার্থীরা কমলগঞ্জ থানায় যেতে চাইলে মাদ্রাসার কয়েকজন শিক্ষক তাদের থানায় না যেতে অনুরোধ করেন। আর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরপর শিক্ষার্থীরা মাদ্রাসায় ফিরে যায়।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আলাউদ্দীন বলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, কয়েক দিন আগে ওই মাদ্রাসার তিন ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত এক বখাটের সামাজিকভাবে বিচারও করা হয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, এ ব্যাপারে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।