মাদ্রাসাছাত্রীর মৃত্যু চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গত বৃহস্পতিবার সকাল ১০টায় অ্যাপেন্ডিক্স অস্ত্রোপচারের ১৩ ঘণ্টা পর রাত ১১টায় সুম্মা খাতুন (১২) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট গ্রামের দক্ষিণ পাড়ার কৃষক সেলিম উদ্দিনের মেয়ে স্থানীয় মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্রী সুম্মা খাতুনকে অ্যাপেন্ডিক্স অস্ত্রোপচারের জন্য গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় হাসপাতালের শল্য বিশেষজ্ঞ ওয়ালিউর রহমান তার অস্ত্রোপচার করেন। সুম্মার বাবা সেলিম উদ্দিন বলেন, ‘জ্ঞান ফেরার পর সন্ধ্যা থেকে সুম্মার খিঁচুনি ও বমি শুরু হয়। সঙ্গে সঙ্গে চিকিৎসক ডাকলেও কেউ আসেননি। পরে চিকিৎসক আসায় মেয়েটাকে বাঁচানো গেল না।’হাসপাতালের শল্য বিশেষজ্ঞ ওয়ালিউর রহমান বলেন, ‘সুম্মার পর আরও ১২ জন রোগীকে অস্ত্রোপচার করা হয়েছে। সন্ধ্যার পর সুম্মার সমস্যা দেখা দিলে জরুরি বিভাগের চিকিৎসক তানভীরুল হক প্রয়োজনীয় চিকিৎসা দেন। তা ছাড়া রাত সাড়ে নয়টার পর থেকে টানা প্রচেষ্টা চালিয়েও ওই রোগীকে বাঁচানো যায়নি। অনবরত বমি হওয়া ও বমি শ্বাসনালিতে আটকে যাওয়ায় রোগীর মৃত্যু হয়েছে।’